মুছাকে পেলেই হত্যারহস্যের 'জট খুলবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যাকাণ্ডের দুই মাস পূর্ণ হচ্ছে আজ শুক্রবার। কিন্তু কী কারণে, কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, ‘হত্যার পরিকল্পনাকারী’ কামরুল শিকদার ওরফে মুছাকে গ্রেপ্তার করা গেলে এসব প্রশ্নের উত্তর মিলবে। তবে মুছার স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেছে।
গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মাহমুদা খানমকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেছেন। হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি ওয়াসিম ও আনোয়ার গত ২৬ জুন আদালতে জবানবন্দি দেন। তাঁরা বলেন, মুছার নেতৃত্বে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কিন্তু মুছা কার নির্দেশে ও কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি তাঁদের জবানবন্দিতে। জবানবন্দিতে বলা হয়, হত্যাকাণ্ডে তাঁরা (ওয়াসিম ও আনোয়ার) এবং মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, কামরুল সিকদার ওরফে মুছা ও মো. কালু অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে নবী ও রাশেদ গত ৪ জুলাই রাতে রাঙ্গুনিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে ছিলেন ওয়াসিম, মুছা ও নবী। মাহমুদাকে ছুরিকাঘাত করেন নবী। অস্ত্র সরবরাহ করেন ভোলা।
হত্যাকাণ্ডের ঘটনায় করা অস্ত্র মামলায় গত ২৮ জুলাই অভিযোগপত্র দিয়েছে পুলিশ। কিন্তু ভোলা অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন ও কার নির্দেশে হত্যাকাণ্ডে ব্যবহারের জন্য দিয়েছেন, তা তদন্তে বের হয়নি।
দুই মাসে মামলার তদন্তে অগ্রগতি কী—জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, নিখোঁজ মুছার পরিকল্পনায় ভাড়াটে খুনিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি বলেন, কার নির্দেশে, কী কারণে ভাড়াটে খুনিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা জানার চেষ্টা চলছে। পলাতক মুছা ও কালুকে গ্রেপ্তার করা গেলে হয়তো তা জানা যাবে।
তদন্তকারী কর্মকর্তা বলেন, অস্ত্র সরবরাহকারী ভোলাসহ তিন আসামিকে প্রথম দফায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময় তাঁরা অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। দ্বিতীয় দফায় তাঁদের জিজ্ঞাসাবাদ করতে আগামী রোববার কারাগার থেকে আনা হবে।
এদিকে গত ২২ জুন চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ মুছাকে ধরে নিয়ে গেছে বলে দাবি করে আসছেন তাঁর স্ত্রী পান্না আক্তার।
তবে এ অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, পলাতক মুছাকে গ্রেপ্তার করা গেলে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা কে ও হত্যার কারণ কী, তা জানা যাবে।
এ ব্যাপারে মামলার বাদী ও এসপি বাবুল আক্তারের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।