
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলার মূল সন্দেহভাজন কামরুল শিকদার ওরফে মুছার ২০ দিন ধরে খোঁজ নেই। মুছার কোনো একটা ‘খবর’ শোনার আশায় রয়েছেন তাঁর স্ত্রী পান্না আক্তার। স্বামীকে পুলিশ ধরে নিয়ে গেছে—এমন কথা তিনি বারবার বললেও পুলিশ প্রথম থেকেই এটি অস্বীকার করে আসছে।
মাহমুদা হত্যার পর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বন্দর এলাকায় এক আত্মীয়ের বাসায় ওঠেন মুছা। ওই বাসা থেকেই গত ২২ জুন মুছাকে দুই পুলিশ কর্মকর্তা ধরে নিয়ে যান বলে দাবি করে আসছেন পান্না আক্তার। গতকাল মঙ্গলবার তিনি প্রথম আলোকে বলেন, ‘মুছা কোথায় আছে, জীবিত না মৃত— অন্তত একটা খবর পেলে নিজেকে সান্ত্বনা দিতে পারতাম।’
পান্না আক্তার বলেন, ৫ জুলাই পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নবী ও রাশেদ নিহত হওয়ার পর থেকে তাঁর আতঙ্ক বেড়ে গেছে। তিনি বলেন, ‘ক্রসফায়ারে দুইজনের মরার খবর শোনার পর থেকে মুঠোফোন বাজলেই হাত-পা ঠান্ডা হয়ে যায়।’
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত নুরনবী ওরফে নবী (মাহমুদাকে ছুরিকাঘাত করেন) ও নুরুল ইসলাম ওরফে রাশেদ (ঘটনাস্থলে ছিলেন)।
৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম। এই মামলায় দুই আসামি মো. ওয়াসিম ও আনোয়ার আদালতে দেওয়া জবানবন্দিতে বলেন, মুছার নেতৃত্বে হত্যাকাণ্ড ঘটেছে। এতে তাঁরা সাত-আটজন অংশ নেন বলেও জবানবন্দিতে উল্লেখ করেন।
মুছার শ্বশুর অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. ফারুক শিকদার প্রথম আলোকে বলেন, ‘কেউ অপরাধী হলে আদালতে বিচার হবে। পুলিশ ধরে নিয়ে কেন অস্বীকার করছে বুঝতেছি না।’
এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী বলেন, মুছার স্ত্রীর দাবি সত্য হলে পুলিশ কেন অস্বীকার করছে তা রহস্যজনক। পুলিশেরই দায়িত্ব আলোচিত এই খুনের নির্দেশদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনা। খুনের নেপথ্যে থাকা লোকজন আড়ালে থাকলে এ ধরনের ঘটনা বাড়তে থাকবে।
মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। এঁদের মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি তিন আসামির রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পলাতক রয়েছেন মুছা ও কালু। হত্যাকাণ্ডের নির্দেশদাতাকে শনাক্ত করা গেছে কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত এখনো শেষ হয়নি।’
আসামি মনিরকে জিজ্ঞাসাবাদ শুরু: মাহমুদা হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মো. মনিরকে গত সোমবার বিকেল থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তিনি অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ওরফে ভোলার সহযোগী। ৩ জুলাই চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ
আবদুল কাদের আসামি মনির ও ভোলার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।
জানতে চাইলে অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহিম উদ্দিন গতকাল বিকেলেমুঠোফোনে প্রথম আলোকে বলেন, মনির স্বীকার করেছেন ভোলা অস্ত্রগুলো তাঁর কাছে রেখেছিলেন। মনিরের তিন দিনের রিমান্ড শেষ হওয়ার পর ভোলাকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে আনা হবে।
২৭ জুন রাতে বাকলিয়া এলাকা থেকে ভোলাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার রিকশাচালক মনির হোসেনকে পরদিন ভোরে গ্রেপ্তার করা হয়। মনিরের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে পিস্তলটি মাহমুদা হত্যায় ব্যবহৃত হয়েছে। হত্যার আগে মুছাসহ (মাহমুদা হত্যার পরিকল্পনাকারী) অন্য আসামিরা অস্ত্রগুলো ভোলার কাছ থেকে সংগ্রহ করেন। হত্যাকাণ্ড শেষে অস্ত্র আবার ভোলাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানায় পুলিশ। পরে ভোলা এগুলো মনিরের কাছে জমা রাখেন।