পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলার আসামি সাইদুল শিকদার ওরফে সাকুর আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাহমুদা হত্যার পরিকল্পনাকারী নিখোঁজ কামরুল শিকদার ওরফে মুছার বড় ভাই সাকু। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি তাঁর কাছ থেকে সংগ্রহ করেন মুছা। এর আগে গত শনিবার সাকুকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নগর গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, তিন দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার আসামি সাকুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সাকুর আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন এবং তাঁকে নির্দোষ দাবি করেন আদালতে। শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি ওয়াসিম ও আনোয়ার গত ২৬ জুন আদালতে জবানবন্দি দেন। এতে তাঁরা উল্লেখ করেন, হত্যাকাণ্ডে ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, কামরুল সিকদার ওরফে মুছা ও মো. কালু অংশ নেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে ছিলেন ওয়াসিম, মুছা ও নবী। মাহমুদাকে ছুরিকাঘাত করেন নবী। অস্ত্র সরবরাহ করেন ভোলা।
এদিকে গত ২২ জুন বন্দর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ মুছাকে ধরে নিয়ে গেছে বলে দাবি করে আসছেন তাঁর স্ত্রী পান্না আক্তার। তবে পুলিশ তা অস্বীকার করে বলছে, মুছাকে খোঁজা হচ্ছে। পলাতক রয়েছেন আরেক আসামি কালু।
মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, মুছার ভাই সাকু প্রথম দফার রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মুছার অবস্থান জানতে সাকুকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই দ্বিতীয় দফায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তা বলেন, সাকুর দ্বিতীয় দফায় রিমান্ড শেষ হওয়ার পর আসামি এহতেশামুল হক ওরফে ভোলাকে কারাগার থেকে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।