মুছে গেল ৩২ বছরের অপূর্ণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩২ বছরেও কোনো পূর্ণাঙ্গ শহীদ মিনার ছিল না। শিক্ষার্থীরা অনেক দিন ধরে একটি শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন।অবশেষে এ বছর তাঁদের সেই দাবি পূরণ হয়েছে। দীর্ঘদিনের এ অপূর্ণতা মুছে দিয়েছে কর্তৃপক্ষ। ভাষাশহীদদের আত্মত্যাগের সেই মহান স্মৃতির প্রতি নতুন নির্মাণ করা শহীদ মিনারে সোমবার শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে কুষ্টিয়া সদর ও ঝিনাইদহ জেলার মধ্যবর্তী শান্তিডাঙা এবং দুলালপুর এলাকায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সালে বিশ্ববিদ্যালয়টি গাজীপুরে স্থানান্তর করা হয়। ১৯৯০ সালে আবার এটি গাজীপুর থেকে কুষ্টিয়ায় স্থানান্তর করা হয়। ১৯৯১ সালে বাণিজ্য অনুষদের পূর্ব পাশে তৎকালীন উপাচার্য সিরাজুল ইসলাম শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দীর্ঘ ১৯ বছর এই উদ্যোগ শুধু ভিত্তিপ্রস্তরেই সীমাবদ্ধ থাকে। প্রতিবছর ওই ভিত্তিপ্রস্তরে ফুল দিয়ে দিবসটি পালন করা হতো।বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণের জোর দাবি জানান। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান উপাচার্য এম আলাউদ্দিন গত বছরের ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধের পাশে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই বছরের ১৮ সেপ্টেম্বর এর নির্মাণকাজ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত এ শহীদ মিনারের কাজ রোববার শেষ হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টায় উপাচার্য এম আলাউদ্দিনের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথমবারের মতো এখানে শ্রদ্ধা নিবেদন করেন।উপাচার্য এম আলাউদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের দাবি এবং জাতীয় জীবনে শহীদ মিনারের গুরুত্ব উপলব্ধি করে বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ শহীদ মিনার উপহার দিতে পেরে আমি আনন্দিত।’