মুছে ফেলা হলো সেই পরামর্শ
সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ‘সহজ পরীক্ষায় জেনে নিন সন্তান ছেলে হবে না মেয়ে? জেনে রাখুন কাজে লাগবে?’ সংক্রান্ত খবরের লিংক মুছে ফেলা হয়েছে। গতকাল বুধবার রাতে প্রথম আলো অনলাইনে ‘গর্ভের সন্তানের লিঙ্গ জানার পরামর্শ দিচ্ছে সরকারি ওয়েবসাইট!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পরপরই এ উদ্যোগ নেন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার বিকেলে মহাপরিচালক প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের কারণেই বিষয়টি অধিদপ্তরের নজরে আসে। তিনি জানান, গতকাল রাতেই লিংক মুছে ফেলা হয়। আজ সারা দিন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সভা করে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত দিন ওয়েবসাইট এককভাবে কেউ নিয়ন্ত্রণ করতেন না। ফলে এ ধরনের লিংক দেওয়ার পেছনে সরাসরি কে যুক্ত ছিলেন তা ধরা একটু কঠিন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন পরিচালককে ওয়েবসাইট নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব দেওয়া হবে। তাঁর অধীনে একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। পরিচালকের অনুমতি নিয়ে ওই কর্মকর্তা ওয়েবসাইট আপডেট করবেন।
প্রথম আলোর প্রতিবেদনে সরকারের ওয়েবসাইট এ ধরনের তথ্য জানাতে পারে কি না তা নিয়ে প্রশ্ন তোলা হয়। কেননা সরকারের স্লোগান হচ্ছে, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট।
অধিদপ্তরের ওয়েবসাইটের সব খবরে শুধু শিরোনামটি দেওয়া ছিল। সেখানে ক্লিক করলে ‘Bissoy Answers’ এর ওয়েবসাইটে গিয়ে উত্তর জানার সুযোগ ছিল। উত্তর দিয়েছিলেন আরিফুল ইসলাম। তিনি বিস্ময় ডট কমের প্রতিষ্ঠাতা। এ ওয়েবসাইটে তাঁর সদস্যের ধরন উল্লেখ করা ছিল প্রশাসক। প্রশ্ন জিজ্ঞাসা করা, উত্তর অপছন্দ করাসহ প্রায় সব দায়-দায়িত্বই তাঁর অধীনে বলেও উল্লেখ ছিল।
প্রথম আলো অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে মতামত জানিয়ে কিছু ব্যাখ্যা দিয়েছেন ‘Bissoy Answers’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার শিমুল। তিনি জানিয়েছেন, বিস্ময় একটি ‘অলাভজনক’ প্রশ্ন-উত্তর করার মাধ্যম। যেখানে যে কেউ গিয়ে প্রশ্ন করতে ও উত্তর দিতে পারেন। এখানে কেউ একা কিছুই লেখেন না বা করেন না। বিস্ময় একটি পরিবার, যেখানে প্রতিটি সদস্য অন্যদের ‘জানতে চাওয়া’ প্রশ্নের উত্তর নিজের জ্ঞানমতো দিয়ে সাহায্য করার চেষ্টা করে থাকেন, কোনো কিছু না পাওয়ার বিনিময়েই। একজন একটা জানেন, তিনি সে বিষয়ে উত্তর দেন; তিনি যা জানেন না, তা অন্যদের থেকে জেনে নেন।
‘প্রশ্ন জিজ্ঞাসা করা, উত্তর অপছন্দ করাসহ প্রায় সব দায়িত্বই তিনি পালন করেন’— প্রতিবেদনের এ অংশটুকু ভুল বলে উল্লেখ করে শাহরিয়ার শিমুল লিখেছেন, ‘আলোচিত প্রশ্নটি বেশ ক্ষতিকর আমার চোখেও লাগছে, এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আমার সাইটে এমন কিছুর জন্য ব্যক্তিগতভাবে আমি লজ্জিত। তবে সত্যিকার অর্থে একটা সরকারি ওয়েবসাইটে এমন তথ্যকে সোর্স হিসেবে উল্লেখ করায় এই মুহূর্তে আমি শঙ্কিত...সরকারি বেশ কিছু সাইটের সিকিউরিটি দুর্বলতা আমার চোখে পড়েছে। এ ব্যাপারটায় দায়িত্ববান ব্যক্তিদের আরও মনোযোগী হওয়ার আহ্বান রইল।’