মুছে যাচ্ছে জেব্রা ক্রসিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় সরণির জেব্রা ক্রসিংয়ের সাদা দাগ মুছেই গেছে প্রায় l ছবি: প্রথম আলো
বিজয় সরণির জেব্রা ক্রসিংয়ের সাদা দাগ মুছেই গেছে প্রায় l ছবি: প্রথম আলো

পরিচর্যার অভাবে রাজধানীতে পথচারীদের সড়ক পারাপারের জেব্রা ক্রসিংয়ের দাগ মুছে যাওয়ায় হারিয়ে যাচ্ছে ক্রসিংগুলো। ফলে ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছে পথচারীরা।
বৃদ্ধ, শিশু, রোগী, গর্ভবতী নারীদের জন্য পদচারী-সেতু দিয়ে যাতায়াত করা বেশ কষ্টকর হয়ে ওঠে। তা ছাড়া সব জায়গায় পদচারী-সেতুও নেই। ব্যস্ত সড়ক বা মোড়গুলো পারাপারের জন্য কালো পিচঢালা পথে সাদা রঙের দাগ দিয়ে জেব্রা ক্রসিং করা হয়। জেব্রা ক্রসিং ব্যবহার করে পথচারীরা রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করে থাকে। নিরাপদে সড়ক পারাপারের জন্য পথচারীদের জন্য জেব্রা ক্রসিং খুবই প্রয়োজনীয়। অথচ রাজধানীর অধিকাংশ রাস্তায় জেব্রা ক্রসিংগুলো মুছে যাচ্ছে। অল্পসংখ্যক যে জেব্রা ক্রসিং আছে, পরিচর্যার অভাবে সেগুলোরও রেখা মলিন হয়ে পড়েছে। অধিকাংশ ক্ষেত্রেই দ্রুতগতির যানবাহনের চালকেরা রেখাগুলো দেখতে পান না। আবার পথচারীদেরও অনেকেই এর ব্যবহারের নিয়মও জানে না।
সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসির মাহমুদ বলেন, ‘রাজধানীতে কখনো জেব্রা ক্রসিং ব্যবহার করিনি। এগুলো কীভাবে ব্যবহার করতে হয়, তাও বলতে পারব না।’
সরেজমিনে দেখা যায়, রাজধানীর বেশ কয়েকটি রাস্তার জেব্রা ক্রসিংয়ের দাগ উঠে মলিন হয়ে গেছে। বেগম রোকেয়া সড়কের চন্দ্রিমা উদ্যান বাস স্টপেজের জেব্রা ক্রসিংয়ের দাগ প্রায় সম্পূর্ণ মুছে গেছে। শ্যামলী শিশুমেলার সামনের পাঁচটি জেব্রা ক্রসিংয়ের দুটির সাদা দাগ মুছে গেছে।
এ ছাড়া বেশ কয়েকটি জেব্রা ক্রসিংয়ের মুখ সড়ক বিভাজক দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। রাজধানীর বেগম রোকেয়া সড়কের তালতলা বাজারের সামনের জেব্রা ক্রসিংটির ওপর দিয়ে তৈরি করা হয়েছে সড়ক বিভাজক।
অনেক সময় জেব্রা ক্রসিং দিয়ে পথচারী ও গাড়ি একই সঙ্গে অতিক্রম করতে দেখা যায়। গতকাল সোমবার বিকেলে শিশুদের নিয়ে অভিভাবকেরা শিশুমেলার সামনের জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময় রাস্তার ওপর দিয়ে দ্রুতগতিতে যানবাহনও চলাচল করতে দেখা যায়। অনেক সময় জেব্রা ক্রসিংয়ের সামনে গাড়ি থামে না বলে পথচারীরা ক্রসিং ছেড়ে অন্য জায়গা দিয়ে সড়ক পার হয়। শিশুমেলার সামনে দাঁড় করিয়ে রাখা ব্যক্তিগত গাড়ির চালক জামাল হোসেন বলেন, ‘ঢাকার বিভিন্ন রাস্তায় কিছুক্ষণ পরপর সিগন্যাল পড়ে। এর মাঝ দিয়ে পথচারীদের জন্য গাড়ির গতি কমাতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই জেব্রা ক্রসিং থাকলেও তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চলে আসি।’
জেব্রা ক্রসিংগুলোর ব্যবহার সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সর্দার বলেন, যেখানে জেব্রা ক্রসিং আছে, সেখানে কর্তব্যরত পুলিশের সদস্যরা মানুষকে এগুলো ব্যবহার করতে বলে থাকেন। পথচারীদের পদচারী-সেতু ব্যবহারের জন্য পুলিশ এর আগে বেশ কয়েকবার ভ্রাম্যমাণ আদালতও বসিয়েছে।