মুজাহিদ আজ রায় পুনর্বিবেচনার আবেদন করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ আজ বুধবার রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন। গতকাল মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের এ কথা বলেন।
মুজাহিদ ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে আছেন। গতকাল সাক্ষাৎ শেষে আইনজীবীরা বলেন, মুজাহিদ এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার এই আবেদন দাখিল করা হবে।
গতকাল বেলা তিনটার দিকে মুজাহিদের পাঁচজন আইনজীবী শিশির মনির, মসিউল আলম, এহসান আবদুল্লাহ সিদ্দিক, মতিউর রহমান আকন্দ ও আসাদ উদ্দিন কারাগারে তাঁর সঙ্গে দেখা করেন। তাঁরা প্রায় আধা ঘণ্টা তাঁর সঙ্গে কথা বলেন।
সাক্ষাৎ শেষে শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘কাল (বুধবার) আমরা রিভিউ ফাইল করব।’