মুজাহিদ আলবদরের প্রধান হিসেবে বক্তৃতা করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী শাহরিয়ার কবির গতকাল বৃহস্পতিবার জেরায় বলেছেন, একাত্তরে একটি পথসভায় মুজাহিদ আলবদর বাহিনীর প্রধান হিসেবে বক্তৃতা করেন, এমন সচিত্র সংবাদ ওই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছিল।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শাহরিয়ার কবিরকে গতকাল সপ্তম দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। মুজাহিদ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।শাহরিয়ার কবির একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি। মুজাহিদ আলবদর বাহিনীর প্রধান বা সদস্য ছিলেন, এ ধরনের শব্দ উল্লেখ করে কোনো সংবাদ ১৯৭১ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত প্রকাশিত হয়নি, এটি কি সত্য? আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, এটি সত্য নয়। একাত্তরের ১১ ডিসেম্বর দৈনিক আজাদ-এর একটি ছবির ক্যাপশনে ছিল; ‘গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে হুশিয়ারি প্রদান করিয়া আলবদর আয়োজিত পথসভায় বক্তৃতা করিতেছেন আলবদর প্রধান জনাব মুজাহিদী।’ আইনজীবী বলেন, একাত্তরে মুজাহিদী নামে একটি সংগঠন ছিল। সাক্ষী বলেন, সংগঠনের নামের আগে জনাব হয় না। ওই ছবিতে মুজাহিদকে স্পষ্ট চেনা যাচ্ছে।মিজানুল জেরার জন্য আরও সময় চান। শাহরিয়ার কবির বিদেশ যাচ্ছেন জানিয়ে গতকালই জেরা শেষ করার আবেদন জানান। পরে ট্রাইব্যুনাল তাঁকে দেশে ফেরার পর জেরার আদেশ দেন।