মুজাহিদ ও সাকার রায় পুনর্বিবেচনার শুনানি ১৭ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই তারিখ পুনর্নির্ধারণ করেন ।
এর পাশাপাশি নিজের পক্ষে পাঁচ পাকিস্তানিসহ আটজন সাফাই সাক্ষীকে সমন দেওয়ার আরজি জানিয়ে সাকা চৌধুরীর করা আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের শুনানির দিন ধার্য করেন। পরে একই বেঞ্চ সাকা চৌধুরীর আবেদন খারিজ করে আদেশ দেন।
মুজাহিদ ও সাকার রায় পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য গতকাল কার্যতালিকায় ছিল। দুজনেরই প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আবেদন দুটি শুনানির জন্য সময়ের আরজি জানান। আদালত দুটি আবেদনই শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন।
তবে পাঁচ পাকিস্তানিসহ আটজন সাফাই সাক্ষীর প্রতি সমন দেওয়ার আরজি জানিয়ে সাকা চৌধুরীর করা আবেদন খারিজ করেন আপিল বিভাগ।
এই আবেদনের ওপরও শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আদালত আবেদনটি খারিজ করেছেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পরে সাংবাদিকদের বলেন, আবেদনটি খারিজ করার আগে আদালত মন্তব্য করেছেন—১৯৭১ সালে সাকা চৌধুরী যে বাংলাদেশে ছিলেন, এ বিষয়ে রাষ্ট্রপক্ষ অকাট্য যুক্তিপ্রমাণ উপস্থাপন করেছে এবং আদালত তা বিশ্বাস করেছেন। এ জন্য আসামিপক্ষের আরজি এখানে বিশ্বাস করার সুযোগ নেই।