
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষ দাবি করেছে, মুজাহিদ আলবদর বাহিনীর সঙ্গে জড়িত ছিলেন না। তাঁকে আলবদর হিসেবে প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ কোনো শক্ত নথি উপস্থাপন করতে পারেনি।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক এ দাবি করেন। এ সময় মুজাহিদ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
আজ আসামিপক্ষ মুজাহিদের পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তি দেয়। প্রায় এক ঘণ্টা ধরে যুক্তি উপস্থাপনকালে আবদুর রাজ্জাক বলেন, রাষ্ট্রপক্ষ একাত্তরের ১১ ডিসেম্বর প্রকাশিত ‘দৈনিক আজাদ’ পত্রিকা উপস্থাপন করে বলেছে, ওই পত্রিকার একটি প্রতিবেদন-সংশ্লিষ্ট ছবির ক্যাপশনে আলবদরপ্রধান হিসেবে মুজাহিদের বক্তৃতা করার কথা বলা হয়েছে। অথচ ওই প্রতিবেদনে লেখা হয়েছে, আলবদর বাহিনী আয়োজিত এক সমাবেশে বক্তৃতা করেন ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তত্কালীন ছাত্রসংগঠন) প্রধান মুজাহিদ। দেখা যাচ্ছে, ছবির ক্যাপশনের সঙ্গে প্রতিবেদনের তথ্যের মিল নেই। এজন্য ওই ছবি ও প্রতিবেদনের কোনো গ্রহণযোগ্যতাও নেই।
যুক্তিতে আবদুর রাজ্জাক বলেন, রাষ্ট্রপক্ষ সেলিম মনসুর খালেদের লেখা ‘আলবদর’ বই থেকে বলেছেন, মুজাহিদ আলবদরপ্রধান ছিলেন। কিন্তু সেখানে আলবদর বাহিনীর কমান্ডারদের কথা লেখা থাকলেও কোথাও মুজাহিদের নাম নেই।
ট্রাইব্যুনাল বলেন, পাকিস্তানি জেনারেলরাই একাত্তরের পরে বলেছেন, তাঁরা আলবদর বাহিনী গঠন করেননি। তাহলে আলবদর বাহিনী কারা গঠন করলেন? আর আলবদরের কমান্ডার কারা ছিলেন?
জবাবে আবদুর রাজ্জাক বলেন, ‘আলবদর’ বই অনুসারে আশরাফুজ্জামান খান, আবদুল মালেক, আবদুল হক প্রমুখ ঢাকায় আলবদরের কমান্ডার ছিলেন।
ট্রাইব্যুনাল বলেন, আলবদরের যে কমান্ডারদের কথা বলছেন, তাঁরা কিন্তু সবাই একাত্তরে ইসলামী ছাত্রসংঘের নেতা ছিলেন।
আবদুর রাজ্জাক বলেন, মুজাহিদ ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন তা আসামিপক্ষ অস্বীকার করছে না, তবে আলবদরের সঙ্গে তিনি কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না। এ ছাড়াও এ মামলার তদন্ত কর্মকর্তাও তাঁর সাক্ষ্যে স্বীকার করেছেন, তিনি তদন্তকালে কোনো তালিকায় আলবদরপ্রধান হিসেবে মুজাহিদের নাম পাননি।
একপর্যায়ে ট্রাইব্যুনাল মহি উদ্দিন চৌধুরীর লেখা ‘সানসেট অ্যাট মিডডে’ বইয়ের প্রসঙ্গ টেনে বলেন, ওই বইয়ে লেখক লিখেছেন, ইসলামী ছাত্রসংঘ পরবর্তী সময় আলবদর বাহিনীতে রূপান্তরিত হয়। আর যেহেতু ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন মুজাহিদ, তাহলে কি তাঁর ওপর ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বর্তায়?
জবাবে আবদুর রাজ্জাক বলেন, মুজাহিদকে আলবদরের প্রধান হিসেবে প্রমাণ করতে শক্তিশালী নথি লাগবে, কিন্তু রাষ্ট্রপক্ষ কোনো শক্ত নথি ট্রাইব্যুনালের সামনে দিতে পারেনি। তাই ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ও তাঁর ওপর বর্তায় না।
যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আগামী ২ জুন (রোববার) পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।