আপিল বিভাগের রায়ে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এ রায়ে দেশের জনগণ হতাশ হয়েছে। এর বিরুদ্ধে মুজাহিদ রিভিউ আবেদন করবেন।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল মঙ্গলবার সকালে এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান। রায় ঘোষণার পর দলটি রাজধানী ঢাকার মগবাজার, মতিঝিল, মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে।
বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, মুজাহিদের আপসহীন নেতৃত্বে দিশেহারা হয়ে সরকার তাঁকে হত্যার উদ্দেশ্যে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে। এতে দাবি করা হয়, মুজাহিদকে পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য বুদ্ধিজীবী হত্যার অপবাদ রচনা করে সরকার। দাখিল করা অভিযোগপত্রে মুজাহিদ কবে, কীভাবে কোন বুদ্ধিজীবীকে হত্যা বা অপহরণ করেছেন, তা কোথাও বলা হয়নি। মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। তিনি জুলুমের শিকার হয়েছেন।