মুজাহিদ বললেন...
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হককে ভেবেচিন্তে কথা বলতে বলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। তিনি দাবি করেছেন, জামায়াত কোনো সন্ত্রাসী দল নয়। জঙ্গিবাদের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। যেসব পত্রিকা জঙ্গিবাদের সঙ্গে জামায়াতকে জড়িয়েছে, সেগুলো জঙ্গিবাদকে লালনপালন করেছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ্ মিলনায়তনে জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদ এ কথা বলেন। সম্মেলনে জানানো হয়, ৩১ মে পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে এবং টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগের প্রতিবাদে পল্টন ময়দানে সমাবেশ করবে জামায়াত।জামায়াতকে গণতান্ত্রিক দল দাবি করে মুজাহিদ বলেন, ‘এই দলে কোনো ব্যক্তি এককভাবে সিদ্ধান্ত নেন না। মিলেমিশে সিদ্ধান্ত নেন।...প্রতিপক্ষকে শক্তি দিয়ে মোকাবেলা করার একটি নজিরও নেই। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বিশ্বাস করেন না, জামায়াত একটি সন্ত্রাসী দল। কোনো সন্ত্রাসী দল নির্বাচনে অংশ নেয় না।’সম্প্রতি জেএমবির আমিরের গ্রেপ্তারের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মুজাহিদ বলেন, ‘আপনি যখন আওয়ামী লীগের নেতা ছিলেন, তখন আপনি এ ধরনের কথা বলতে পারতেন। কিন্তু এখন আপনি বাংলাদেশের মন্ত্রী। এখন আপনি ভেবেচিন্তে কথা বলবেন। আপনি যে জামায়াতের সঙ্গে জঙ্গিদের সম্পর্কের কথা বলেছেন, তাতে আসল জঙ্গিরা পার পেয়ে যেতে পারে।’