মুজাহিদ-সাকার রায় দ্রুত কার্যকরের দাবি গণজাগরণ মঞ্চের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। এই দাবিতে গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণ-অবস্থান কর্মসূচি পালন করেন গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা।
কর্মসূচিতে অংশ নিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচারকাজ যে গতিতে চলছে, তাতে ১০০ বছরেও এই বিচার শেষ হবে না। তিনি বলেন, আগামী ১০ বছরের মধ্যে এই বিচার-প্রক্রিয়া সম্পন্ন করে মুক্তিযুদ্ধের বাংলাদেশের দিকে এগিয়ে যেতে হবে।
ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে রাজনীতির কোনো সুযোগ নেই। বিচারের ক্ষেত্রে কোনো রকম টালবাহানা, কালক্ষেপণ কিংবা রাজনৈতিক কূটকৌশল জনগণ মেনে নেবে না। বিচারকাজের দীর্ঘসূত্রতায় রাজনৈতিক অস্থিরতা বাড়ছে বলে মনে করেন তিনি।
গণ-অবস্থানে উপস্থিত ছিলেন ব্লগার রাজীব হায়দারের বাবা নাজিমউদ্দিন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চাইতে গিয়ে যাঁরা নির্মমভাবে খুন হয়েছেন, তাঁদের খুনিদেরও বিচার করতে হবে।