২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত মামলায় জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির না করায় গতকাল মঙ্গলবার শুনানি হয়নি। আদালত কাল বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। গতকাল ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মিজানুর রহমান ও জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মোসাদ্দেক বিল্লাহর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। আদালত সূত্র জানায়, গতকাল আলী আহসান মুজাহিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ কারণে গ্রেনেড হামলা মামলায় হাজির করা সম্ভব হয়নি।ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। এ পর্যন্ত এই মামলায় ৬৭ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলায় সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত করে বিএনপির নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাসহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।