মুজাহিদুল ইসলাম সেলিমসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের ছোড়া চেয়ারের আঘাত থেকে বাঁচাতে মুজাহিদুল ইসলাম সেলিমকে ঘিরে রেখেছেন দলীয় নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো
ছাত্রলীগের ছোড়া চেয়ারের আঘাত থেকে বাঁচাতে মুজাহিদুল ইসলাম সেলিমকে ঘিরে রেখেছেন দলীয় নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো

সিলেটে সিপিবি-বাসদের সমাবেশে ছাত্রলীগের হামলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম আহত হয়েছেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হন। আজ রোববার বিকেলে শহরের কোট কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সিপিবির নেতারা জানান, সিলেটের কোট কেন্দ্র এলাকায় সিপিবি-বাসদের সমাবেশ চলছিল। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি হিরন মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল মঞ্চে ঢিল ছোড়ে হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করেছে। মঞ্চে বসা মুজাহিদুল ইসলাম সেলিমকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। ঢিলে তিনি হাতে আঘাত পেয়েছেন। মঞ্চ ভাঙচুরকালে হামলাকরীদের ধাওয়া করার সময় সংঘর্ষে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হন। এ সময় পুলিশ আশপাশের এলাকায় থাকলেও ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখে এগিয়ে আসেনি। একপর্যায়ে ছাত্র ইউনিয়ন ও সমাবেশে উপস্থিত লোকজন হামলাকারীদের ধাওয়া করলে ছাত্রলীগের নেতারা পালিয়ে যান।

হামলাকারীদের তাড়িয়ে দিয়ে আবার সমাবেশ শুরু হয় জানিয়ে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মতিউর রহমান জানান, হামলায় সিপিবির সভাপতির হাতে জখম হয়েছে। জেলা কমিটির সাধারণ সম্পাদক সহিদুজ্জামান পাপলুসহ সিপিবি ও ছাত্র ইউনিয়নের ১০ জন আহত হয়েছেন।

হামলার প্রতিবাদে কাল সোমবার সিলেটে আধাবেলা হরতাল ডেকেছে সিপিবি। সমাবেশ থেকে হরতালের এই ঘোষণা দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
যোগাযোগ করলে ছাত্রলীগের জেলা সভাপতির মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান প্রথম আলো ডটকমকে বলেন, সিলেটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাঁরা একটি আনন্দ মিছিল বের করেন। কোট কেন্দ্র দিয়ে যাওয়ার সময় সিপিবি-বাসদের সমাবেশ থেকে তাঁদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর তাঁরা পাল্টা হামলা চালান।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে কারা মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে এবং হামলা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।