মুজাহিদের আপিল মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল মামলায় রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করেছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যুক্তি উপস্থাপন শুরু করেন। বেলা একটার দিকে যুক্তি উপস্থাপন শেষ হয়।
এর আগে আসামি পক্ষের যুক্তি উপস্থাপন করেন মুজাহিদের আইনজীবী এস এম শাহজাহান ও খন্দকার মাহবুব হোসেন। পরে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, আমার এই মামলার বিভিন্ন সাক্ষীর বক্তব্য পর্যালোচনা করে দেখিয়েছি এই সব সাক্ষীর ভিত্তিতে মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। যে দুটি অভিযোগে তাঁকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে, এর মধ্যে সাত নাম্বার অভিযোগটি আনুষ্ঠানিক অভিযোগই ছিল না। এই অভিযোগটি ট্রাইব্যুনাল আমলে নেননি। এরপরও এতে ফাঁসি দেওয়া হয়েছে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আজ আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষ এক ও তিন নাম্বার অভিযোগের যুক্তি দিয়েছে। কাল আবার আমরা যুক্তি উপস্থাপন করব।
২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, মুজাহিদের বিরুদ্ধে সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। তৃতীয় অভিযোগে (ফরিদপুরের রণজিৎ নাথকে আটক রেখে নির্যাতন) তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড ও পঞ্চম অভিযোগে (নাখালপাড়া সেনাক্যাম্পে আলতাফ মাহমুদ, রুমী, বদি, আজাদ, জুয়েল হত্যাকাণ্ড) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ষষ্ঠ (বুদ্ধিজীবী হত্যাকাণ্ড) ও সপ্তম অভিযোগে (বাকচরে হিন্দুদের হত্যা ও নিপীড়ন) মুজাহিদকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ষষ্ঠ অভিযোগের সঙ্গে প্রথম অভিযোগ (সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন হত্যা) একীভূত করায় এতে আলাদা করে শাস্তি ঘোষণা করা হয়নি। দ্বিতীয় ও চতুর্থ অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুজাহিদকে খালাস দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ১১ আগস্ট আপিল করে মুজাহিদ খালাস চান। সর্বোচ্চ সাজা হওয়ায় এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। গত ২৯ এপ্রিল থেকে আপিল শুনানি শুরু হয়।