মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের করা আপিল শুনানির জন্য তালিকায় এসেছে।
গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, আপিল বিভাগের আজ বুধবারের দৈনন্দিন কার্যতালিকায় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চে মুজাহিদের আপিলটি ৪ নম্বর ক্রমিকে রয়েছে।
গত ৩ ডিসেম্বর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এই আপিলের ওপর ১৪ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন। মুজাহিদের আইনজীবী শিশির মনির গতকাল প্রথম আলোকে বলেন, আপিলটি শুনানির জন্য বুধবারের কার্যতালিকার ৪ নম্বর ক্রমিকে রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।