মুজাহিদের আপিলের শুনানি আবার ১১ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিলের শুনানি ১১ মে পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ২৯ এপ্রিল মুজাহিদের আপিলের শুনানি শুরু হয়।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল বুধবার চতুর্থ দিনের মতো শুনানি হয়। আপিল বিভাগের এ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মুজাহিদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান। গতকাল তিনি রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বক্তব্য পড়া শেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া রায়ের অংশ উপস্থাপন শুরু করেন। তাঁকে সহায়তা করেন শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শিশির মনির প্রথম আলোকে জানান, রায়ের অংশে প্রথম ও তৃতীয় অভিযোগ পড়া শেষ হয়েছে। এরপর পঞ্চম অভিযোগ উপস্থাপন শুরু করেছে আসামিপক্ষ। আগামী সোমবার আবার শুনানি হবে।
২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে ট্রাইব্যুনাল বলেছিলেন, মুজাহিদের বিরুদ্ধে গঠন করা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। ষষ্ঠ (বুদ্ধিজীবী হত্যাকাণ্ড) ও সপ্তম অভিযোগে (বাকচরে হিন্দুদের হত্যা ও নিপীড়ন) মুজাহিদকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ষষ্ঠ অভিযোগের সঙ্গে প্রথম অভিযোগ (সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন হত্যা) একীভূত করায় এতে আলাদা করে শাস্তি ঘোষণা করা হয়নি। দ্বিতীয় ও চতুর্থ অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুজাহিদকে এ দুই অভিযোগ থেকে খালাস দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-২-এর রায়ের বিরুদ্ধে ২০১৩ সালের ১১ আগস্ট আপিল করে মুজাহিদ খালাস চান। সর্বোচ্চ সাজা হওয়ায় এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি।