মুজাহিদের জামিনের আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ বিচারক শাহেদ নূর উদ্দিন এই আদেশ দেন। গতকাল বুধবার মামলার বাদী মতিঝিল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শরীফ ফারুক আহম্মেদকে আসামিপক্ষে জেরা করার দিন ধার্য ছিল। এর আগে দুই দিন বাদীকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। গতকাল পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ছয় আসামির পক্ষে বাদীকে জেরা করা হয়। গতকালও আসামিপক্ষের জেরা শেষ না হওয়ায় আদালত ৩০ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেন। এ মামলায় কারাগারে আটক ২৭ আসামিকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা সাত আসামিও আদালতে হাজির ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শেখ হাসিনার সমাবেশে ওই গ্রেনেড হামলা হয়। এতে দলের ২২ জন নেতা-কর্মী নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ কয়েক শ ব্যক্তি।