মুজাহিদের পক্ষে আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবারও আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন করেছে আসামিপক্ষ। যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষ গতকাল দাবি করেছে, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মুজাহিদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত ছিলেন তা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল পঞ্চম দিনের মতো যুক্তি উপস্থাপন করে আসামিপক্ষ। এ সময় আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন।

গতকাল যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক দাবি করেন, আনীত অভিযোগ অনুসারে বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনার সঙ্গে মুজাহিদ জড়িত ছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষের দাখিল করা নথি থেকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরিকল্পনায় মুজাহিদের জড়িত থাকার বা সেখানে উপস্থিত থাকার বিষয়টি প্রমাণিত হয়নি।

পরে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।