মুজাহিদের পক্ষে যুক্তি উপস্থাপন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। আসামিপক্ষ গতকাল সোমবার যুক্তিতে দাবি করেছে, একাত্তরে মুজাহিদ ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) নেতা থাকলেও থাকতে পারেন, তবে আলবদরের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা ছিল না।

গতকাল মুজাহিদের পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। এ সময় আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন। গতকাল মুজাহিদের বিরুদ্ধে আনা তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অভিযোগের বিষয়ে যুক্তি দেওয়া হয়।

তৃতীয় অভিযোগের বিষয়ে আইনজীবী বলেন, রণজিৎ নাথ ওরফে বাবু নাথকে অপহরণ ও নির্যাতনের অভিযোগের সঙ্গে রাষ্ট্রপক্ষ মুজাহিদের সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি। এটি বানানো গল্প। চতুর্থ অভিযোগের বিষয়ে তিনি বলেন, এতে মুজাহিদের নির্দেশে আবু ইউসুফ ওরফে পাখিকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। কিন্তু আবু ইউসুফ এই ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মামলায় সাক্ষ্য দিলেও এই মামলায় সাক্ষ্য দেননি। আবু ইউসুফের অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলাটির রায়ে ওই অভিযোগ থেকে আযাদকে অব্যাহতি দেওয়া হয়। যেখানে নির্যাতিত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় সাক্ষ্য দেননি, সেখানে ওই অভিযোগ কোনোভাবেই প্রমাণিত হয় না।

পঞ্চম অভিযোগের বিষয়ে সৈয়দ মিজানুর রহমান বলেন, মুজাহিদকে সম্পৃক্ত করে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী জহির উদ্দিন জালাল ঢাকার নাখালপাড়ার পুরোনো এমপি হোস্টেলে স্থাপিত সেনা ক্যাম্পে তিনিসহ আটক সুরকার আলতাফ মাহমুদ, বদি, রুমি, জুয়েল, আজাদকে নির্যাতন ও হত্যার নির্দেশের যেসব কথা বলেছেন তা সাজানো গল্প এবং মিথ্যাচার। তাঁর উল্লেখ করা তারিখের সঙ্গে ঘটনার তারিখের গরমিল আছে, যা জাহানারা ইমামের লেখা একাত্তরের দিনগুলি এবং আনিসুল হকের লেখা মা বই থেকে প্রমাণিত হয়। তাই তাঁর সাক্ষ্যের ওপর নির্ভর করা যায় না। এ ছাড়া তিনি মামলার তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দিতে যা বলেছেন, ট্রাইব্যুনালে তা বলেননি।

ষষ্ঠ অভিযোগের বিষয়ে আইনজীবী বলেন, রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী রুস্তম আলী সাক্ষ্যে যা বলেছেন, তাতে মুজাহিদের বিরুদ্ধে দলীয় নেতাদের নিয়ে বাঙালি নিধনের পরিকল্পনা ও ষড়যন্ত্র করার অভিযোগ প্রমাণিত হয় না। তিনি বলেন, একাত্তরে মুজাহিদ ইসলামী ছাত্রসংঘের নেতা থাকলেও থাকতে পারেন, কিন্তু আলবদরের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা ছিল না।

পরে আইনজীবী বলেন, মুজাহিদের বিরুদ্ধে আনা সপ্তম অভিযোগের বিষয়ে যুক্তি দেবেন আসামিপক্ষের অপর আইনজীবী মুন্সি আহসান কবির। ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেন।

আদালত অবমাননার অভিযোগ: দুটি (নিজামী ও মুজাহিদের বিরুদ্ধে) মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী জহির উদ্দিন জালালের বিরুদ্ধে গতকাল আদালত অবমাননার অভিযোগ এনেছে আসামিপক্ষ। আবেদনে বলা হয়, আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবির গত রোববার বিকেলে সেগুনবাগিচা দিয়ে যাওয়ার সময় জহির উদ্দিন জালাল তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেন। আসামিপক্ষ মনে করে, চলমান মামলা বাধাগ্রস্ত করতে এটি করা হয়েছে। তাই এটি আদালত অবমাননার শামিল। ট্রাইব্যুনাল এই আবেদনের বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য করেন।