মুজাহিদের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষ গতকাল বুধবার যুক্তি উপস্থাপন শুরু করেছে। যুক্তি উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল এ মামলার রায়ের দিন ধার্য করবেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল মুজাহিদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। এ সময় আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন।মুজাহিদের বিরুদ্ধে আনা প্রথম দুটি অভিযোগের বিষয়ে সৈয়দ মিজানুর রহমান গতকাল যুক্তি দেন। তিনি রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য তুলে ধরে বলেন, এ দুটি অভিযোগের সঙ্গে মুজাহিদের সংশ্লিষ্টতা রাষ্ট্রপক্ষ তাদের সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে পারেনি।এ দুটি অভিযোগের বিষয়ে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এ মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।হামিদকে জেরা শেষ: একই ট্রাইব্যুনালে গতকালবিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী মো. আবদুল হামিদ সাকিদারকে জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য রোববার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।মোবারকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ২৭ মে: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মো. দারুল ইসলামকে গতকাল আসামিপক্ষ জেরা শেষ করেছে। ২৭ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ দারুল ইসলামকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। আসামির কাঠগড়ায় মোবারক হাজির ছিলেন।