
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। পরে আসামিপক্ষের যুক্তি খণ্ডন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রাষ্ট্রপক্ষকে আজ বুধবার যুক্তি খণ্ডন শেষ করতে বলেছেন। সে অনুযায়ী রাষ্ট্রপক্ষ যুক্তি খণ্ডন শেষ করলে এর মাধ্যমে শেষ হবে এই মামলার বিচার কার্যক্রম। এরপর ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করবেন।
গতকাল শুরুতে আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী ইমরান এ সিদ্দিক। পরে যুক্তি দেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। যুক্তিতে তিনি বলেন, রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যের সঙ্গে শহীদজননী জাহানারা ইমামের লেখা একাত্তরের দিনগুলি বইয়ে বর্ণিত ঘটনার পার্থক্য আছে। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাক্ষী যেখানে নির্যাতনের শিকার হয়েছেন, সেখানে লেখকের পৌঁছানো সম্ভব ছিল না।
আসামিপক্ষ গতকাল ষষ্ঠ দিনের মতো যুক্তি উপস্থাপন করে। যুক্তিতে আবদুর রাজ্জাক আরও বলেন, স্বাধীনতার পরও ওই সাক্ষী কখনো জাহানারা ইমামের সঙ্গে দেখা করে ঘটনাটি বলেননি। লেখকের ওই বই ১৯৮৬ সালে প্রকাশিত হয়। তিনিও বইয়ের কোথাও মুজাহিদকে জড়িয়ে কিছু লেখেননি।
আসামিপক্ষের প্রধান আইনজীবী বলেন, মুজাহিদের বিরুদ্ধে আনা চতুর্থ অভিযোগের কোনো সাক্ষ্য না থাকায় তা প্রমাণিত হয়নি। তাঁর বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক। তিনি সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব। ট্রাইব্যুনালে তিনি নির্দোষ প্রমাণিত হবেন বলে আসামিপক্ষ আশাবাদী। এ পর্যায়ে তিনি বলেন, মুজাহিদ ট্রাইব্যুনালে কিছু বলতে চান। ট্রাইব্যুনাল বলেন, ‘আপনি তাঁর কাছে শুনে এসে আমাদের জানান।’
এরপর আবদুর রাজ্জাক আসামির কাঠগড়ায় থাকা মুজাহিদের সঙ্গে কথা বলে ট্রাইব্যুনালে বলেন, মুজাহিদ বলেছেন, তিনি একজন ‘অসহায় মানুষ’। রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে অনেক কিছু লিখেছে, তাঁর বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হচ্ছে। গণমাধ্যমই তাঁর বিচার করেছে, তাঁকে দোষী সাব্যস্ত করেছে। তবে তিনি (মুজাহিদ) বিশ্বাস করেন, তিনি সুবিচার পাবেন।
আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে তাঁদের যুক্তি খণ্ডন শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ। তিনি বলেন, আসামিপক্ষ যুক্তিতে বলেছে, মুজাহিদের সংশ্লিষ্টতা প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ কোনো শক্ত নথি উপস্থাপন করতে পারেনি। কিন্তু আন্তর্জাতিক অপরাধ আইনে অপরাধ প্রমাণ করতে শক্ত নথি উপস্থাপন করার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, গণমাধ্যমকে জড়িয়ে আসামিপক্ষের বক্তব্যও সঠিক নয়।
রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি বলেন, আসামিপক্ষের ব্যাখ্যা অনুসারে কোনো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ও আলোকচিত্রই কেবল নথি হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু আইন তা বলে না। এতে উপসম্পাদকীয়ও আমলে আসতে পারে। রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী শক্তি সাহা প্রসঙ্গে তিনি বলেন, এই সাক্ষী দেশে থাকেন না বিদেশে থাকেন, তাতে তাঁর সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় না।
যুক্তি খণ্ডন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।