মুজাহিদের পক্ষে সাফাই সাক্ষ্য ৫ মে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু হবে ৫ মে। রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষীকে গতকাল সোমবার আসামিপক্ষের জেরা শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন।গতকাল রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে পঞ্চম দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। মুজাহিদ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জেরায় আইনজীবী জানতে চান, আলবদর ও রাজাকারদের কি বেতন-ভাতা দেওয়া হতো? জবাবে সাক্ষী বলেন, তৎকালীন পাকিস্তান সরকার তাদের বেতন-ভাতা দিত। আলবদর, আলশামসকে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী বাহিনী হিসেবে ঘোষণা করে কি কোনো সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছিল? এই প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, না।মুজাহিদ একাত্তরের ১৬ ডিসেম্বরের পর দেশ ত্যাগ করেছিলেন, এটি কি আপনি তদন্তে পেয়েছেন? এই প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক খান বলেন, তিনি তদন্তে দেখেছেন, একাত্তরের ১৬ ডিসেম্বরের পর মুজাহিদ নারায়ণগঞ্জে তাঁর মামার বাড়িতে আত্মগোপন করেছিলেন। ১৯৭৫ সালের রাজনৈতিক পট-পরিবর্তনের পর মুজাহিদ রাজনীতিতে সক্রিয় হন।জেরার শেষ পর্যায়ে আইনজীবী মত (সাজেশন) দেন, মুজাহিদকে রাজনীতিতে অযোগ্য ও অগ্রহণযোগ্য করে তোলার জন্য সাক্ষী কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই এই মামলার তদন্ত করেছেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।জেরা শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালে মুজাহিদের সঙ্গে দেখা করার এবং আসামিপক্ষের (সাফাই) সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য সময় চেয়ে আবেদন করেন। ট্রাইব্যুনাল ওই আবেদন গ্রহণ করে মুজাহিদের সঙ্গে দুই আইনজীবীকে দেখা করতে ২৮ এপ্রিল এবং আসামিপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ৫ মে দিন ধার্য করেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে আসামিপক্ষ সাক্ষী হাজির না করলে ওই দিন রাষ্ট্রপক্ষকে যুক্তি উপস্থাপন শুরুর জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে।