মুজাহিদের পূর্ণাঙ্গ রায় দু-তিন সপ্তাহে প্রকাশ হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অনুমান, আগামী দু-তিন সপ্তাহের মধ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হতে পারে।
গত ১৬ জুন মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ। এখনো আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি। কবে নাগাদ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হতে পারে—এ প্রশ্নের জবাবে গতকাল রোববার অ্যাটর্নি জেনারেল তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমার অনুমান, আগামী দু-তিন সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হতে পারে।’ এমন অনুমানের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এ মামলায় আপিল বিভাগের চারজন বিচারপতি একমত হয়ে রায় ঘোষণা করেছেন। এ জন্য আমি অনুমান করছি, আগামী দু-তিন সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হতে পারে।’
মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে পরিকল্পনা ও সহযোগিতার দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের ফাঁসির আদেশ দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ফাঁসির ওই আদেশ বহাল রেখে গত ১৬ জুন রায় ঘোষণা করেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের সংক্ষিপ্ত রায় ঘোষণার পর থেকে দুই পক্ষই পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষা করছেন। রাষ্ট্রপক্ষ বলছে, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মুজাহিদের সাজা কার্যকরের প্রস্তুতি শুরু হবে। আর আসামিপক্ষ বলছে, পূর্ণাঙ্গ রায় হাতে পেলে তারা ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবে।