মুজাহিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন গতকাল বুধবার শেষ হয়েছে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দুই পক্ষ এ যুক্তি উপস্থাপন করে।রাষ্ট্রপক্ষের দুটি আবেদনের ওপর শুনানি বাকি থাকায় মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আদেশের দিন ধার্য করেননি ট্রাইব্যুনাল। অতিরিক্ত একজন সাক্ষী ও একটি অভিযোগ সংযোজন করা-সংক্রান্ত এ আবেদন দুটি শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক গতকাল শুনানিতে ১১ নম্বর অভিযোগ উল্লেখ করে বলেন, একাত্তরের নভেম্বরে বায়তুল মোকাররম প্রাঙ্গণে মুজাহিদের বক্তব্যের মাধ্যমে কোনো যুদ্ধাপরাধ হয়নি। কিন্তু পরে ঢাকার পাটুয়াটুলীর ব্রাহ্মসমাজের রামমোহন লাইব্রেরিতে বই লুটপাটের ঘটনাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।এ সময় ট্রাইব্যুনাল বলেন, বই লুটপাট অপরাধ, যদি ওই ঘটনা সত্য হয়। আইনজীবী বলেন, তবে যুদ্ধাপরাধ নয়। ট্রাইব্যুনাল প্রশ্ন করেন, এটি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ এর ৩(২)(এফ) ধারায় কোনো অপরাধ নয়? আইনজীবী বলেন, হতে পারে, তবে রাষ্ট্রপক্ষ ওই ধারায় অভিযোগ আনেনি। আসামিপক্ষের যুক্তি খণ্ডন করে বক্তব্য দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোখলেসুর রহমান। সংগ্রাম-এর প্রতিবেদন নিয়ে আপত্তি রাষ্ট্রপক্ষের: জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকার দুটি প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল রাষ্ট্রপক্ষ এ আপত্তি জানায়। কার্যক্রমের শুরুতে ২৯ মে সংগ্রাম-এ প্রকাশিত ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর বিপক্ষের ৩ নং সাক্ষী ভুয়া মুক্তিযোদ্ধা: সাক্ষী ছিরু বাঙালি নিজেই প্রতারণা জালিয়াতি ও আত্মসাতের মামলার আসামি’ ও ‘মিথ্যা ভিত্তিহীন অভিযোগে মাওলানা নিজামীর বিরুদ্ধে চার্জ গঠনের নিন্দা মকবুল আহমাদের’ শীর্ষক প্রতিবেদন দুটি ট্রাইব্যুনালের নজরে আনেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। তিনি বলেন, সিরু বাঙালিকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ ও নিজামীর বিরুদ্ধে অভিযোগকে ‘মিথ্যা অভিযোগ’ বলা হয়েছে, যা সঠিক নয়।এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা দেশের সব মানুষের কাছে বিচারিক কার্যক্রমে সহযোগিতা চাই। মকবুল আহমাদের বক্তব্য রাজনৈতিক, এটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু সাক্ষী সিরাজুল ইসলাম ওরফে সিরু বাঙালি একজন সম্মানিত ব্যক্তি, তাঁকে ভুয়া মুক্তিযোদ্ধা বলা ঠিক হয়নি। এ ধরনের শিরোনাম গ্রহণযোগ্য নয়।’ ট্রাইব্যুনাল এ বিষয়ে সংগ্রাম-এর কাউকে আর তলব করতে চান না জানিয়ে সংশোধনী ছাপানোর নির্দেশ দেন।পরে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।