মুজাহিদের বিরুদ্ধে কাল রাষ্ট্রপক্ষের যুক্তি
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার রাষ্ট্রপক্ষ অভিযোগের ঘটনার যুক্তি উপস্থাপন শেষ করেছে। আগামীকাল বৃহস্পতিবার এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনি যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন।
মুজাহিদের বিরুদ্ধে আজ যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান ও তুরিন আফরোজ। রাষ্ট্রপক্ষ চার, পাঁচ, ছয় ও সাত নম্বর অভিযোগের বিষয়ে যুক্তি দেন।
মোকলেছুর রহমান পঞ্চম অভিযোগের বিষয়ে বলেন, একাত্তরের ৩০ আগস্ট রাতে মতিউর রহমান নিজামীকে সঙ্গে নিয়ে মুজাহিদ নাখালপাড়ার পুরোনো এমপি হোস্টেলে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে যান। সেখানে আটক সুরকার আলতাফ মাহমুদ, জহির উদ্দিন জালাল, বদি, রুমি, জুয়েল, আজাদকে দেখে তাঁরা গালিগালাজ করেন। মুজাহিদ একজন পাকিস্তানি ক্যাপ্টেনকে বলেন, রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার আগে তাঁঁদের মেরে ফেলতে হবে। ওই সিদ্ধান্ত অনুসারে মুজাহিদ তাঁর সঙ্গীদের সহযোগিতায় তাঁদের অমানবিক নির্যাতন করে হত্যা করেন। এটি রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী জহির উদ্দিন জালাল দেখেছেন। এ ছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্যেও এটি নিশ্চিত হওয়া গেছে।
ষষ্ঠ অভিযোগের বিষয়ে কৌঁসুলি বলেন, মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে (বর্তমানে শারীরিক শিক্ষা কলেজ) পাকিস্তানি সেনাদের ক্যাম্পে মুজাহিদ দলীয় নেতাদের নিয়ে বাঙালি নিধনের পরিকল্পনা ও ষড়যন্ত্র করেন, যা রাষ্ট্রপক্ষের দ্বিতীয় ও পঞ্চম সাক্ষীর সাক্ষ্যে প্রমাণিত হয়েছে।
সপ্তম ও শেষ অভিযোগের বিষয়ে মোকলেছুর রহমান বলেন, একাত্তরের ১৩ মে রাজাকার কালু বিহারি, ওহাব, জালাল ও অন্যদের সঙ্গে মুজাহিদ জিপগাড়ি করে ফরিদপুরের কোতোয়ালি থানার খলিলপুর বাজারে শান্তি কমিটির কার্যালয়ে যান। সেখানে সভার পর মুজাহিদ সঙ্গীদের নিয়ে হিন্দু অধ্যুষিত বাকচর গ্রামে হামলা চালান। এটি রাষ্ট্রপক্ষের ১২ ও ১৩তম সাক্ষীর সাক্ষ্যে প্রমাণিত হয়েছে।
সবশেষে চতুর্থ অভিযোগের বিষয়ে যুক্তি দেন তুরিন আফরোজ। পরে তিনি মুজাহিদের বিরুদ্ধে ব্যক্তিগত অপরাধের দায় ও যৌথ অপরাধের দায়ের বিষয়ে আলোচনা করেন। কাল তিনি মুজাহিদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় বিষয়ে যুক্তি দেবেন।