মুজাহিদের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন চলছে
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন।
রাষ্ট্রপক্ষ গতকাল মুজাহিদের বিরুদ্ধে আনা প্রথম তিনটি অভিযোগের বিষয়ে যুক্তি দেয়। প্রথম অভিযোগের বিষয়ে মোকলেছুর রহমান বলেন, মুক্তিযুদ্ধকালে ইত্তেফাক-এর তৎকালীন নির্বাহী সম্পাদক সিরাজুদ্দীন হোসেন তাঁর একটি প্রবন্ধে পাকিস্তানি সেনাদের এদেশীয় সহযোগীদের হাতে নিরস্ত্র সাধারণ মানুষের নিগ্রহের বিবরণ তুলে ধরেন। এই প্রবন্ধের বিরোধিতা করে একাত্তরের ১৬ সেপ্টেম্বর জামায়াতের মুখপত্র সংগ্রাম-এ প্রকাশিত একটি প্রবন্ধে তাঁকে ‘ভারতের দালাল’ উল্লেখ করে সমালোচনা করা হয়। এ সময় তিনি জামায়াত ও আলবদরের লক্ষ্যে পরিণত হন।
মোকলেছুর রহমান একাত্তরের ৫ ডিসেম্বরের দৈনিক পূর্বদেশ-এ প্রকাশিত একটি প্রতিবেদন উপস্থাপন করে বলেন, মুজাহিদ একাত্তরের ৪ ডিসেম্বর ঢাকার চকবাজারে আলবদর লেখা ব্যানারে একটি গাড়ি নিয়ে জনসমক্ষে বক্তব্যে বলেন, ‘বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক কাউকে ছাড় দেওয়া হবে না।’ এরপর ১৪ ডিসেম্বর সিরাজুদ্দীনসহ অনেক বৃদ্ধিজীবীকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। সিরাজুদ্দীনের ছেলে সাংবাদিক শাহীন রেজা নূরও তাঁর সাক্ষ্যে বলেছেন, আলবদররা তাঁর বাবাকে হত্যা করে। যেহেতু একাত্তরে মুজাহিদ আলবদরের কমান্ডার ছিলেন, সেহেতু বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত ছিলেন এবং সেই সূত্রেই সিরাজুদ্দীন হোসেনকে হত্যা করা হয়।
পরে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১৫ মে (বুধবার) পর্যন্ত যুক্তি উপস্থাপন মুলতবি করেন।