মুজাহিদের বিরুদ্ধে রায় দ্রুত বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সর্বোচ্চ সাজা ফাঁসির রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। একই সঙ্গে রায় দ্রুত বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধীদের সংগঠন হিসেবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানিয়েছে সংগঠনগুলো।গতকাল বুধবার পৃথক বিবৃতি ও সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনগুলো এ প্রতিক্রিয়া জানায়। সেক্টর কমান্ডারস ফোরাম এক প্রতিক্রিয়ায় মুজাহিদের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছে, স্বাধীনতার ৪২ বছর পর হলেও যুদ্ধাপরাধীদের কৃতকর্মের উপযুক্ত শাস্তির মধ্য দিয়ে জাতি কলঙ্ক থেকে মুক্তি লাভ করবে। এই বিচারিক পদক্ষেপ দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম করবে। তবে ফোরাম মনে করে, মানবতাবিরোধী অপরাধের মূল হোতা গোলাম আযমের বিরুদ্ধে যে শাস্তি দেওয়া হয়েছে, অপরাধের তুলনায় তা অত্যন্ত গৌণ। অবিলম্বে সরকারের পক্ষ থেকে গোলাম আযমের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার আহ্বান জানিয়েছে ফোরাম।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এক বিজ্ঞপ্তিতে মুজাহিদের বিরুদ্ধে দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছে এবং যুদ্ধাপরাধীদের দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। রায় ঘোষণার পর পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেননের সভাপতিত্বে এক সভায় বলা হয়, গোলাম আযমের বিরুদ্ধে মামলাসহ চারটি মামলার রায়ে যুদ্ধাপরাধের সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই শুধু ব্যক্তি গোলাম আযম, মুজাহিদ নয়; জামায়াতের বিরুদ্ধেও যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া শুরু করতে হবে।সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ অবিলম্বে জামায়াত ও এর সঙ্গে সংশ্লিষ্ট সব সংগঠন নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনটি বলেছে, ‘এই রায়ে সারা দেশের মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তান ও শহীদ পরিবারের সদস্যদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।’ এই সংগঠনও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। এ ছাড়া মুজাহিদের বিরুদ্ধে মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সমাজবাদী ছাত্রজোট, জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ নারীমুক্তি আন্দোলন, উত্তরাধিকার ’৭১, বাংলাদেশ যুবমৈত্রী।