মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য, তাই বাড়িতে বোমা-আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলার সাক্ষীর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ এবং তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শহরের রথখোলা এলাকার রণজিত নাথ ওরফে বাবু নাথের বাড়িতে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়। এই বিচারপ্রক্রিয়ার সঙ্গে জড়িত তিন বিচারপতির গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রণজিত নাথ মানতবাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে করা মামলার ৩ নম্বর অভিযোগের সাক্ষী। মৃত্যদণ্ডপ্রাপ্ত আরেক সাবেক জামায়াত নেতা আবুল কালাম আযাদের বিরুদ্ধে করা মামলার প্রথম অভিযোগের একজন সাক্ষী।

ওই দুটি অভিযোগে বলা হয়েছিল, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে জুন মাসের প্রথম সপ্তাহে সকাল ১০টার দিকে আবুল কালাম আযাদ ও তাঁর সহযোগীরা ফরিদপুর শহরের খাবাসপুরের হবি মাতুব্বরের দোকানের কাছ থেকে রণজিত নাথকে ধরে নির্যাতন করে ফরিদপুরের সার্কিট হাউসে নিয়ে যায়। সেখানে পাকিস্তানি মেজর আকরাম কোরাইশ ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে আলোচনার পর রণজিতকে অন্য একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন করেন আযাদ। পরে রণজিত সেখান থেকে পালিয়ে রক্ষা পান।

গত ১৭ জুলাই আদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই অভিযোগে মুজাহিদকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ২১ জানুয়ারি এক রায়ে একই ট্রাইব্যুনাল আযাদকে দোষী সাব্যস্ত করেন। কিন্তু অন্য তিনটি মামলায় তাঁকে (আযাদ) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে অপহরণ মামলায় আলাদা করে দণ্ড দেওয়া হয়নি।

এলাকাবাসী জানায়, শহরের রথখোলা মহল্লায় নিজ বাড়ির সামনে কুমার নদের পাড়ে রণজিতের লাকড়ির একটি দোকান আছে। সেই দোকানের পাশেই রিয়া বেকারি অবস্থিত। রিয়া বেকারির দুই কর্মচারী রমজান ও হাবিব জানান, ‘রাত সাড়ে ১২টার দিকে কে বা কারা লাকড়ির দোকানে আগুন ধরিয়ে দেয়। পরে আমরা পানি দিয়ে আগুন নেভাই।’

রণজিত নাথ বলেন, ‘রাত পৌনে একটার দিকে আমি বাসার সামনে একটা শব্দ শুনতে পাই। এর পরপরই এলাকার এক লোক মুঠোফোনে জানান, আমার বাড়ির সামনে আগুন জ্বলছে। আমি দ্রুত দরজা খুলে দেখি একটি পেট্রলবোমা ছুড়ে মারা হয়েছে। এর ফলে আমার দরজার পর্দার কিছু অংশ পুড়ে গেছে। আমি দ্রুত বিষয়টি ফরিদপুর কোতোয়ালি থানাকে জানাই।’

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তপন দেবনাথ বলেন, ‘আমি খবর পেয়েই রণজিত নাথের বাড়িতে যাই এবং বোমার বোতলটি উদ্ধার করি।’

রণজিত নাথ বলেন, ‘আমি মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় জামায়াত-শিবির আমার ওপর ক্ষুব্ধ হয়ে রয়েছে। আমাদের এলাকায়ও তাদের লোক আছে। আমার ধারণা তারাই এ কাজ ঘটিয়েছে।’ তিনি বলেন, ‘এ ঘটনার পর আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সরকারের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, ‘আজ সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। রণজিত যুদ্ধাপরাধের দুটি মামলার সাক্ষী। তাঁকে ভয় দেখানোর জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’ রণজিতের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।