মুজাহিদের মৃত্যুদণ্ড বহালে রাষ্ট্রপক্ষের সন্তোষ

একাত্তরে বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা ও সহযোগিতার দায়ে আলবদর বাহিনীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় সর্বোচ্চ আদালতে বহাল থাকায় সন্তোষ জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করেন।
রায়ের পর প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, মুজাহিদের ফাঁসির রায় বহাল থেকেছে বুদ্ধিজীবী হত্যার দায়ে। নিজের দেশের বুদ্ধিজীবীদের হত্যার নজির আর কোনো দেশে নেই। কিন্তু মুজাহিদ সেই অপরাধটিই করেছেন। আমরা যে বুদ্ধিজীবীদের হারিয়েছি, এক শতাব্দীতেও এমন বুদ্ধিজীবী তৈরি হবে না।
মাহবুবে আলম বলেন, ‘বুদ্ধিজীবীদের আমরা ফিরে পাব না। তবে এইটুকু সান্ত্বনা, বিচার পাওয়া গেল। এতে তাঁদের আত্মা শান্তি পাবে।’
পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।
মুজাহিদ জামায়াতের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা। তিনি দলটির বর্তমান সেক্রেটারি জেনারেল। বিগত চারদলীয় জোট সরকারের তিনি সমাজকল্যাণমন্ত্রী ছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম সর্বোচ্চ সাজা পান মুজাহিদ। ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন।
২০১৩ সালের ১১ আগস্ট ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন মুজাহিদ।