মুজাহিদের রায় হওয়া পর্যন্ত শাহবাগে থাকবে গণজাগরণ মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। ছবি: মনিরুল আলম
জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। ছবি: মনিরুল আলম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় না হওয়া পর্যন্ত শাহবাগে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহবাগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা শুনেছি আগামীকাল বুধবার আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় দেওয়া হবে।এই রায় যেন জনগণের আশানুরূপ হয়, এ জন্য আমরা কাল পর্যন্ত এখানে অবস্থান চালিয়ে যাব।’
আজ গণজাগরণ মঞ্চের কর্মীদের শাহবাগে আসতে পুলিশ বাধা দিয়েছে অভিযোগ করে ইমরান এইচ সরকার বলেন, ‘অভিযোগ করা হয়েছিল পুলিশের ছত্রছায়ায় আমাদের আন্দোলন চলছিল।আজ পুলিশ বাধা দেওয়ার পরও আন্দোলন চলছে।এতে প্রমাণিত হয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ আন্দোলনে যোগ দিয়েছেন।’ পুলিশকে সহনশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
নেতা-কর্মীদের গণজাগরণ মঞ্চে আসতে কোনো রাজনৈতিক সংগঠন বাধা দিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বাধা দেয়নি, তবে আসতে নিষেধ করেছে।

গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র আরও বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল।আমি আহ্বান জানাব তাঁরা আবারও সমবেত হবেন।আগামীকালের রায় যেন জনগণের প্রত্যাশিত হয়, সে কারণে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।’

জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। ছবি: মনিরুল আলম
জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। ছবি: মনিরুল আলম

এর আগে আজ সকাল ১০টার দিকে বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে শাহবাগে এসে জড়ো হন।তাঁরা শাহবাগ মোড়ে গণজাগরণ মঞ্চে অবস্থান নিতে চাইলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।তাঁরা বর্তমানে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন।তাঁরা স্লোগান দিচ্ছেন, ‘এই রায় জনগণের প্রত্যাশিত নয়, গোলাম আযমের ফাঁসি চাই’, ‘প্রহসনের রায় মানি না, আঁতাতের রায় মানি না।’
গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের কেন শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়া হলো, জানতে চাইলে সেখানকার কর্তব্যরত এক পুলিশ সদস্য জানান, যান চলাচলে যেন বিঘ্ন না ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।
আগে তো তাঁদের এভাবে সরিয়ে দেওয়া হয়নি, তাহলে আজ কেন সরিয়ে দেওয়া হলো, এ প্রশ্নের জবাবে ওই পুলিশ সদস্য জানান, ওপরের নির্দেশে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।