জাতি আজ স্বস্তির নিঃশ্বাস ফেলছে: এম কে রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম কে রহমান
এম কে রহমান

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার দুপুরে রায় ঘোষণার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় এ অনুভূতি জানান অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। এম কে রহমান সাংবাদিকদের বলেন, ‘এ রায়ের মাধ্যমে, বলতে পারি, দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। এ ধরনের রায়ের জন্য দেশবাসী ও আমরা দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে অপেক্ষা করছি। ১৯৭১ সালে যারা মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছিল, তাদের বিচার যে বাংলাদেশের মাটিতে করা সম্ভব, এটা আজ প্রমাণিত হয়েছে। জাতি আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। রায়ের মাধ্যমে আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেলছি।’ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রধান সমন্বয়ক এম কে রহমান রায়ের উল্লেখযোগ্য দিক সম্পর্কে বলেন, ‘এ মামলার রায়ে প্রথম বুদ্ধিজীবী হত্যার বিষয়টি এসেছে। মুজাহিদ আলবদর বাহিনীর কমান্ডার হিসেবে এবং ইসলামী ছাত্র সংঘের নেতা হিসেবে সরাসরি এতে অংশ নিয়েছেন। তাঁরই নেতৃত্বে বুদ্ধিজীবী ও গণহত্যা হয়েছে। বুদ্ধিজীবীদের পরিবারগুলো আজকে শান্তি পাবে। ৪০ বছর পর হলেও তারা বলতে পারবে, বিচার পেয়েছে।’