সংখ্যালঘু হত্যা ও নির্যাতনের সাজা হ্রাস
মুজাহিদের রায়ে সন্তুষ্ট হননি বাকচরে নিহতদের স্বজনেরা
আলবদর বাহিনীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখা হলেও ফরিদপুরের হিন্দু-অধ্যুষিত বাকচর গ্রামে হত্যা ও নির্যাতনের অভিযোগে সাজা কমানোয় সন্তুষ্ট হতে পারেননি নিহত ব্যক্তিদের স্বজনেরা।
১৯৭১ সালের ১৩ মে মাচ্চর ইউনিয়নের বকচর গ্রামে হামলা চালিয়ে ১১ জন হিন্দুধর্মাবলম্বীকে হত্যা করা হয়। ঘটে ধর্ষণের ঘটনাও।
২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাকচরের গণহত্যার দায়ে জামায়াতে ইসলামীর নেতা মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার আপিলের রায়ে মৃত্যুদণ্ড থেকে পরিবর্তন করে যাবজ্জীবন করা হয়। বাকচরের ক্ষতিগ্রস্ত ও মামলায় সাক্ষ্য দেওয়া ব্যক্তিরা এ রায়ে বিস্মিত ও হতবাক।
বাকচরের গণহত্যার অভিযোগে সাক্ষ্য দিয়েছিলেন ওই গ্রামের বাসিন্দা চিত্ত সাহা। তিনি প্রথম আলোকে বলেন, ‘আপিলে মৃত্যুদণ্ড বহাল রাখাই উচিত ছিল। আমরা এ রায়ে সন্তুষ্ট হতে পারিনি। আমরা হতাশ ও ক্ষুব্ধ।’
বাকচরে নৃশংসতা চলার সময় ঝর্ণা সাহা নামের এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। তাঁর খালাতো ভাই গোপাল সাহা বলেন, ‘আমরা এ রায়ে বিস্মিত ও হতবাক। রায়ে শাস্তি কমিয়ে দেওয়ায় আমাদের প্রতি অবিচার করা হয়েছে। আমরা ন্যায়বিচার পাইনি।’
আওয়ামী লীগের উচ্ছ্বাস: বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও সহযোগিতার দায়ে মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার ঘোষণার পর ফরিদপুর শহরে আনন্দ-উল্লাস হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আনন্দ মিছিল বের করে জেলা ছাত্রলীগ। মিছিলটি সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে থানা রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বেলা সোয়া ১১টার দিকে ‘যুদ্ধাপরাধী রাজাকার মুজাহিদের রায় হলো, ফরিদপুরবাসী খুশি হলো’ ব্যানার নিয়ে আনন্দ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ।