মুজাহিদের রিভিউ শুনানির তারিখ ১৭ নভেম্বর পুনর্নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির জন্য ১৭ নভেম্বর তারিখ পুনর্নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।

এই বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মুজাহিদের রিভিউ আবেদন শুনানির ধার্য দিন ছিল আজ। মুজাহিদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এই শুনানি মুলতবির আরজি জানান। পরে আদালত রিভিউ আবেদন শুনানির জন্য ১৭ নভেম্বর তারিখ পুনর্নির্ধারণ করেন।

গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদের ফাঁসির সাজা বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ১৪ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন মুজাহিদ। ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার আদালত পুনর্বিবেচনার আবেদন দুটি শুনানির জন্য ২ নভেম্বর দিন নির্ধারণ করেন।