মুজাহিদের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে তাঁর আইনজীবীরা আজ শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করবেন। মুজাহিদের আইনজীবীদের একজন শিশির মনির গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
শিশির মনির গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে আইনজীবীদের দেখা হয়নি। তাই সাক্ষাতে আমরা ফাঁসির চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন নিয়ে কথা বলব।’
আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে তাঁর পাঁচজন আইনজীবীর সাক্ষাৎ করার কথা রয়েছে। এই আইনজীবীরা হলেন শিশির মনির, নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম।
মুজাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায় গত বুধবার প্রকাশিত হয়। ওই দিন রাত আটটার দিকে আপিল বিভাগের এ দুটি পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্ট থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছায়। ট্রাইব্যুনালের তিন বিচারপতি বৃহস্পতিবার সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যু পরোয়ানায় সই করেন। বিকেলেই মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠানো হয়।