মুজাহিদের সঙ্গে তিন আইনজীবীর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে কারাগারে দেখা করেছেন তাঁর তিন আইনজীবী। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ কারাগারে তাঁর সঙ্গে দেখা করেন তিন আইনজীবী শিশির মনির, নাজিবুর রহমান ও এহসান সিদ্দিক।
সাক্ষাৎ শেষে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, মুজাহিদের রায়ের বিরুদ্ধে দাখিল করা আপিলের শুনানি চলছে। আপিল বিভাগ ২৪ মে (আজ) আপিলের যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সার্বিক পরিস্থিতি নিয়ে পরামর্শ করেছেন তাঁরা। মামলার যুক্তিতর্ক দৃঢ়ভাবে আদালতে উত্থাপনের জন্য মুজাহিদ তাঁদের পরামর্শ দিয়েছেন।
তিন আইনজীবী সকাল সাড়ে ১০টার দিকে কারাগারে প্রবেশ করেন এবং সেখানে আধা ঘণ্টার বেশি সময় ধরে মুজাহিদের সঙ্গে কথা বলেন।
২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতটির মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়।