মুজাহিদের সঙ্গে দেখা করেছে পরিবার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা আজ শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন।
দেখা করার পর কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুজাহিদের স্ত্রী তামান্না-ই জাহান। তিনি রায় পুনর্বিবেচনার রায়ে (রিভিউ) মুজাহিদের ন্যায়বিচার আশা করেন। মুজাহিদ শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে আলী আহমেদ মাবরুর। নিয়মিত সাক্ষাতের অংশ হিসেবে তিনি, তাঁর মা, দুই ভাই ও এক বোন আজ কারাগারে যান।
গত ৩ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করেন তাঁর আইনজীবীরা। পরে আইনজীবীরা সাংবাদিকদের বলেন, মুজাহিদ তাঁদের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের প্রস্তুতি নিতে বলেছেন।
মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায় গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হয়। ওই দিন রাতে আপিল বিভাগের এই দুটি পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্ট থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছায়। ট্রাইব্যুনাল মুজাহিদ ও সাকা চৌধুরীর মৃত্যু পরোয়ানায় সই করেন। পরে ওই মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠানো হয়।