মুজাহিদের সঙ্গে শনিবার সাক্ষাৎ তাঁর আইনজীবীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ
আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির সাজা পাওয়া জামায়াতে ইসলামীর মহাসচিব আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের সঙ্গে কাল শনিবার সাক্ষাৎ করবেন তাঁর পাঁচ আইনজীবী। কাল বেলা ১১টার দিকে তাঁরা মুজাহিদের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করবেন।
মুজাহিদের আইনজীবী শিশির মনির প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, কাল বেলা ১১টার দিকে তাঁরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের সঙ্গে দেখা করতে যাবেন। তিনি ছাড়া বাকি চারজন হলেন মসিউল আলম, কামাল উদ্দিন, নাজিবুর রহমান ও মতিউর রহমান আকন্দ।
মুক্তিযুদ্ধে বিজয়ের আগমুহূর্তে বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীলনকশা হাতে নিয়ে বুদ্ধিজীবী নিধনযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি সেনা ও গুপ্তঘাতক আলবদর বাহিনী। স্বাধীনতার ৪৪ বছর পর বুদ্ধিজীবী হত্যার দায়ে সেই আলবদর বাহিনীর অন্যতম নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির সাজা বহাল রাখলেন দেশের সর্বোচ্চ আদালত।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী মুজাহিদকে ২০১৩ সালের ১৭ জুলাই বুদ্ধিজীবী হত্যার দায়ে সর্বোচ্চ সাজা দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ‘বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই, অতীতেও ছিল না’—এই দম্ভোক্তি করা মুজাহিদ নিজেই যুদ্ধাপরাধী হিসেবে প্রমাণিত হন সেদিন। খালাস চেয়ে ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। কিন্তু গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে নিশ্চিত হলো যে মুজাহিদ যুদ্ধাপরাধী এবং বুদ্ধিজীবী হত্যার দায়ে তাঁর সর্বোচ্চ সাজাই প্রাপ্য।