মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। মুজাহিদের বিরুদ্ধে এই মামলায় যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষ গতকাল বৃহস্পতিবার এ দাবি জানায়।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল এই মামলায় আইনগত বিষয়ে যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ। আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন।
যুক্তিতে তুরিন আফরোজ বলেন, রাষ্ট্রপক্ষের ১ থেকে ১৩ নম্বর সাক্ষীর মৌখিক সাক্ষ্য অনুসারে, অভিযোগে উল্লিখিত অপরাধ ঘটায় আলবদরের সদস্যরা। সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে অপহরণ ও হত্যার অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের ১, ৩ ও ৪ নম্বর সাক্ষী; বৈদ্যডাঙ্গি, মাঝিডাঙ্গি ও বালাডাঙ্গি গ্রামে গণহত্যা ও নিপীড়নের অভিযোগের বিষয়ে ১, ৬, ৮, ৯, ১০ ও ১১ নম্বর সাক্ষী; বাবুনাথকে আটকে রাখার অভিযোগের বিষয়ে সপ্তম সাক্ষী; এমপি হোস্টেলে হত্যার অভিযোগের বিষয়ে প্রথম ও দ্বিতীয় সাক্ষী; মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে ১, ২ ও ৫ নম্বর সাক্ষী এবং বাকচরে গণহত্যা ও নিপীড়নের অভিযোগের বিষয়ে ১, ৮, ১০, ১২ ও ১৩ নম্বর সাক্ষী বলেছেন, সংশ্লিষ্ট অপরাধ সংঘটনে আলবদরের সদস্যরা জড়িত ছিল। রাষ্ট্রপক্ষের দাখিল করা দালিলিক নথিতেও আলবদর বাহিনীর অপরাধ সংঘটনের প্রমাণ রয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, আলবদর বাহিনীর সংঘটিত অপরাধের দায় মুজাহিদের, কারণ আলবদর বাহিনীর সঙ্গে তাঁর ঊর্ধ্বতন-অধস্তনের সম্পর্ক রয়েছে। রাষ্ট্রপক্ষের ১, ২, ৪ ও ৮ নম্বর সাক্ষী মুজাহিদকে আলবদর বাহিনীর প্রধান বা নেতা হিসেবে উল্লেখ করেছেন। মুজাহিদ আলবদরের ঊর্ধ্বতন নেতা হওয়ার পরও তাঁর অধস্তনদের অপরাধ সংঘটন থেকে বিরত রাখতে বা শাস্তি দিতে ব্যর্থ হয়েছেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের দাখিল করা নথি রয়েছে।
২০০৭ সালের ৩১ অক্টোবর ভোরের কাগজ-এ প্রকাশিত ‘মুজাহিদের কুকীর্তি গাঁথা আছে দৈনিক সংগ্রামের পাতায়’ শীর্ষক প্রতিবেদন উল্লেখ করে তুরিন আফরোজ বলেন, একাত্তরের ২২ এপ্রিল ময়মনসিংহে জামায়াত ও ছাত্র সংঘের নেতা-কর্মীদের সভায় মুজাহিদ বলেন, ‘...মুক্তিবাহিনী তথা ভারতীয় চরদের কাছে আলবদর হবে সাক্ষাৎ আজরাইল।’ একাত্তরের ২৪ এপ্রিল জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম-এ এ-সংক্রান্ত প্রতিবেদন ছাপা হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আরও বলেন, মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধ হিসেবে ‘ব্যাপক ধ্বংসের’ (এক্সটারমিনেশন) সমতুল্য। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর দ্য ফরমার যুগোস্লাভিয়া (আইসিটিওয়াই) ও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা (আইসিটিআর) বৃহৎ পরিসরে হত্যাকাণ্ডকে ‘ব্যাপক ধ্বংস’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দ্বিতীয় ও সপ্তম অভিযোগ অনুসারে গণহত্যার পাশাপাশি নিপীড়নও (পারসিকিউশন) করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি হিংসাত্মক বক্তব্য দেওয়া; তাঁদের সম্পদ ধ্বংস করা; ধর্ষণ, লুট প্রভৃতির মাধ্যমে দেশান্তরে বাধ্য করা মানবতাবিরোধী অপরাধ হিসেবে নিপীড়নের মধ্যে পড়ে। এ বিষয়েও তিনি আইসিটিওয়াই ও আইসিটিআরের উদাহরণ তুলে ধরেন।
শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মুজাহিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, তাঁকে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো দণ্ড দেওয়া যায় না।
পরে ট্রাইব্যুনাল আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ২২ মে দিন ধার্য করেন।