মুজাহিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা গণজাগরণ মঞ্চের
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সর্বোচ্চ শাস্তির আশা করছে গণজাগরণ মঞ্চ। আজ বুধবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশার কথা জানান মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
ইমরান এইচ সরকার বলেন, ‘বয়সের কারণে গোলাম আযমের যে রায় দেওয়া হয়েছে, এতে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। আশা করি, মুজাহিদ যে অপরাধ করেছেন, এ জন্য তাঁকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে।’ তিনি বলেন, গোলাম আযমের রায়ে জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় আজ শাহবাগে বিপুলসংখ্যক জনসমাগম হয়নি।
গণজাগরণ মঞ্চের কার্যক্রমে পুলিশের বাধা প্রসঙ্গে ইমরান এইচ সরকার বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলেছি, আমরা যে সংগঠনের বিরুদ্ধে লড়াই করছি, তারাই আপনাদের রক্তাক্ত করছে। সুতরাং আমাদের সহযোগিতা করুন।’
গণজাগরণ মঞ্চের বিষয়ে সরকার অবস্থান পরিবর্তন করেছে কি না—এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন, ‘সব বাধা উপেক্ষা করে আমাদের আন্দোলন চলবে। কোনো বাধাই এ আন্দোলন দমাতে পারবে না।’
এর আগে সকাল ১০টার দিকে শাহবাগের প্রধান সড়কে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা অবস্থান নিতে চাইলে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে তাঁরা জাদুঘরের সামনে অবস্থান নেন। বর্তমানে তাঁরা সেখানেই অবস্থান নিয়ে প্রতিবাদী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এসব স্লোগানের মধ্যে রয়েছে, ‘অন্য কোনো রায় নয়, মুজাহিদের ফাঁসি চাই’। ‘ঘাতক মুজাহিদের ফাঁসি চাই, আঁতাত করলে রক্ষা নাই’।
সকালে স্বল্পসংখ্যক নেতা-কর্মী উপস্থিত থাকলেও পরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কয়েকটি বাম সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে যোগ দেন।
গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, এখানে দুটি গুরুত্বপূর্ণ হাসপাতাল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে। জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে যান চলাচলের সুবিধার্থে তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।