মুজাহিদের সাক্ষাৎ চান আইনজীবীরা
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে আজ মঙ্গলবার বিকেলে সাক্ষাৎ করতে চান তাঁর আইনজীবীরা। মুজাহিদের অন্যতম আইনজীবী শিশির মনির এ কথা জানিয়েছেন।
শিশির মনির বলেন, তিনিসহ পাঁচ আইনজীবী আজ বিকেল তিনটায় মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবেন। অন্য চার আইনজীবী হলেন মসিউল আলম, এহসান আব্দুল্লাহ সিদ্দিক, মতিউর রহমান আকন্দ ও আসাদ উদ্দিন।
শিশির মনির বলেন, ‘কারা কর্তৃপক্ষের সম্মতি সাপেক্ষে আমরা তাঁর (মুজাহিদ) সঙ্গে দেখা করব। আশা করি, কারা কর্তৃপক্ষ আমাদের আইনি পরামর্শ করার সুযোগ করে দেবেন।’
এর আগে ৩ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করেন তাঁর আইনজীবীরা। সেদিন সাক্ষাৎ শেষে আইনজীবীরা সাংবাদিকদের বলেন, মুজাহিদ তাঁদের রায় পুনর্বিবেচনার আবেদন করার প্রস্তুতি নিতে বলেছেন।
সবশেষ গত শুক্রবার মুজাহিদের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেন।
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী মুজাহিদকে ২০১৩ সালের ১৭ জুলাই বুদ্ধিজীবী হত্যার দায়ে সর্বোচ্চ সাজা দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। খালাস চেয়ে ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। কিন্তু বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়ে আপিলেও তাঁর সর্বোচ্চ সাজা বহাল থাকে।
মুজাহিদের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হয়। একই দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিল মামলারও পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই দিন রাতে আপিল বিভাগের এই দুটি পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্ট থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছায়। ট্রাইব্যুনাল মুজাহিদ ও সাকা চৌধুরীর মৃত্যু পরোয়ানায় সই করেন। পরে ওই মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠানো হয়।