মুজাহিদ-সাকার আপিল শুনানি ২৮ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আপিল শুনানির জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মুজাহিদ ও সাকা চৌধুরী দুজনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ পেয়েছেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বুধবার শুনানির এ দিন ধার্য করেন। আপিল বিভাগের এ বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গতকাল আপিল বিভাগে মামলা দুটি শুনানির জন্য উঠলে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আরজি জানান। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। আদালতে মুজাহিদ ও সাকা চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। মুজাহিদের পক্ষে আরও ছিলেন শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সর্বশেষ ৭ ও ৮ এপ্রিল আপিল বিভাগের কার্যতালিকায় এ মামলা দুটি শুনানির জন্য অন্তর্ভুক্ত ছিল। কিন্তু শুনানির সময়সীমা শেষ হয়ে যাওয়ায় তা আর আদালতে ওঠেনি।