মুজিব-ইন্দিরা ইউনিয়ন হবে দাশিয়ারছড়ায়

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাশিয়ারছড়া ইউনিয়ন হচ্ছে। নাম দাশিয়ারছড়া মুজিব-ইন্দিরা ইউনিয়ন পরিষদ (ইউপি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার দাশিয়ারছড়ায় এসে এ ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, দাশিয়ারছড়ায় সাজ সাজ রব চলছে। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে চলছে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড ও প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সফরসূচিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ১৫ অক্টোবর সকালে হেলিকপ্টারে করে ফুলবাড়ী হেলিপ্যাডে নামবেন। এরপর সড়কপথে দাশিয়ারছড়ায় যাবেন। প্রধানমন্ত্রী দাশিয়ারছড়া কালীহাট বাজারসংলগ্ন প্রস্তাবিত বালিকা উচ্চবিদ্যালয় মাঠে সুধী সমাবেশে যোগ দেবেন। সেখানে তিনি দাশিয়ারছড়া মুজিব-ইন্দিরা ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিদ্যুৎ-সংযোগসহ ২৩টি ফলক উন্মোচন করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দাশিয়ারছড়ায় এবারই প্রথম সফরে আসছেন শেখ হাসিনা।
কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করার লক্ষ্যে সার্বক্ষণিক তদারক করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দাশিয়ারছড়ায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, দল ও ব্যক্তির শতাধিক তোরণ, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে। সড়ক ও সেতু মন্ত্রণালয় দুই কোটি টাকা ব্যয়ে নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের সঙ্গে দাশিয়ারছড়ার সংযোগ সড়ক তৈরি করছে। পাঁচ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। এ ছাড়া রাস্তা সংস্কার ও পরিষ্কার, কালীহাট বাজারের বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠ ভরাট, বাজারের পুরোনো রাস্তার ওপর তৈরি স্থাপনা পরিচ্ছন্নকরণ, নীলকমল নদীর ওপর অস্থায়ী বেইলি সেতু নির্মাণ, দাশিয়ারছড়া-কালীহাট রাস্তা প্রশস্তকরণ এবং অপটিক্যাল ফাইবারের মাধ্যমে টেলিফোন ও ইন্টারনেট সংযোগের কাজ চলছে। এর আগে সেখানে ভূমি কার্যালয়, তিনটি কমিউনিটি হাসপাতাল, তথ্যকেন্দ্র ও অস্থায়ী পুলিশ ফাঁড়ি বসানো হয়েছে। সেখানে তিনটি প্রাথমিক বিদ্যালয়সহ মাধ্যমিক, বালিকা বিদ্যালয় ও মাদ্রাসার জায়গা নির্ধারণ করে ঘর তৈরি করা হয়েছে।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, দাশিয়ারছড়ায় রাস্তাঘাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠার সঙ্গে এখানকার মানুষ সম্পৃক্ত হলে ভালো হতো। এখন যা হচ্ছে তা বাইরের লোকজন করছেন। স্থানীয় লোকজন শুধু দেখছেন।
ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার বলেন, ‘আশা করি দাশিয়ারছড়ার উন্নয়নের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।’