মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের দাবি ছিটমহলবাসীর
১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের দাবিতে গত শনিবার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভারতের ছিটমহল দাশিয়ারছড়ার কালীরহাটে সমাবেশ হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন দাশিয়ারছড়া ছিটমহলের সাবেক পঞ্চায়েত চেয়ারম্যান নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত। সমাবেশে নজরুল ইসলাম বলেন, ‘আমরা ভারতের নাগরিক হলেও মূল ভূখণ্ডের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আমাদের ভাগ্যে রাষ্ট্রীয় কোনো সুযোগ-সুবিধা জোটে না। প্রায় ৬৩ বছর ধরে আমরা অবরুদ্ধ হয়ে বন্দী জীবন যাপন করছি।’ ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরার মধ্যে যে ভারত-বাংলাদেশ চুক্তি হয়েছিল, তাতে এসব ছিটমহল বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এই চুক্তি কার্যকর হলে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের সঙ্গে এবং বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের সঙ্গে একীভূত হবে।