মুজিব কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
নোয়াখালীর কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজে গতকাল সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস চলাকালে নাঈম, রাসেল ও জয়সহ কলেজের কয়েকজন ছাত্র শ্রেণীকক্ষের বাইরে মারামারি শুরু করেন। এ সময় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মারামারিতে জড়িয়ে পড়া ছাত্রদের এক পক্ষের হয়ে অন্য পক্ষকে মারধর করেন।সূত্র জানায়, এ খবর পেয়ে উপজেলা ও পৌর ছাত্রলীগের কর্মীরা কলেজে এলে উত্তেজনা বেড়ে যায়। এ সময় কলেজ ছাত্রলীগের কর্মীদের সঙ্গে উপজেলা ও পৌর ছাত্রলীগের কর্মীদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। এতে দুই পক্ষের কমপক্ষে সাতজন আহত হন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষে আহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন: কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ (২১), কর্মী মো. পারভেজ (১৯), মো. বাপ্পি (১৮) ও আসাদুজ্জামান (২৬)। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যাম্পাস থেকে একজনকে আটক করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।