মুজিব বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মুজিব বাহিনীর (বিএলএফ) সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তকরণের দাবি জানিয়েছেন বৃহত্তর ময়মনসিংহের মুজিব বাহিনীর সদস্যরা। গতকাল শনিবার ময়মনসিংহ শহরের একটি বেসরকারি ক্লিনিকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে মুজিব বাহিনীর ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী দেশের অভ্যন্তরে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয়। সদস্যরা গেরিলা যুদ্ধে অংশ নেন। কিন্তু জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গত নভেম্বরে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা দিয়েছে তাতে মুজিব বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়নি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও খেলোয়াড়েরা যদি মুক্তিযোদ্ধা হতে পারেন তাহলে মুজিব বাহিনীর সদস্যরা কেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন না।
বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে দেখা গেছে মুজিব বাহিনীর সদস্যদের পক্ষে সাক্ষী হতে চাইলে মুক্তিযোদ্ধাদের হুমকি দিয়ে বিরত করা হয়েছে। তাঁরা সম্মানী চান না। সম্মান চান। কাজেই তাঁদের মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করা না হলে প্রয়োজন আইনের আশ্রয় নেবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মুজিব বাহিনীর সদস্য হেফজুল বারী খান, বাহিনীর ময়মনসিংহের প্রতিনিধি সাইদুর রহমান খান, নেত্রকোনার প্রতিনিধি মো. আবদুল হক, জামালপুরের প্রতিনিধি আক্তারুজ্জামান খান ও শেরপুরের প্রতিনিধি আবদুল মান্নাফ খান।