মুজিব সেনাদের কাছেই অনাদরে তাঁরই ভাস্কর্য
নরসিংদীর মনোহরদীতে প্রতিবছর বিজয় মেলার আয়োজন করেন উপজেলার ক্ষমতাসীন দলের নেতারা। এ মেলার আয়োজনে আওয়ামী লীগের নাম ব্যবহার না করে ‘আমরা কজনা মুজিব সেনা’ নামের অস্তিত্ববিহীন একটি সংগঠনের নাম ব্যবহার করেন তাঁরা।
রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গত বছর মেলার আয়োজন করা সম্ভব হয়নি। তবে এর আগের বছরের মেলায় প্রদর্শিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতাদের ভাস্কর্যগুলো এখনো অবহেলা ও অনাদরে মেলার মাঠেই ফেলে রেখেছেন আয়োজকেরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাধিক নেতা।
অপরদিকে গত দেড় বছরেও প্রায় ১৫ বিঘা কৃষিজমির ওপর মেলার স্থাপনাগুলো পড়ে থাকায় আবাদ করতে পারছেন না স্থানীয় কৃষকেরা। এমনকি ক্ষমতাসীনদের ভয়ে প্রকাশ্যে কৃষক বা কেউ কিছু বলতেও সাহস পাচ্ছেন না।
স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষমতায় আসার পর মনোহরদী উপজেলা আওয়ামী লীগের জন্য আয়ের বড় মাধ্যম হিসেবে যুক্ত হয় বিজয় মেলা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মেলার নিয়ন্ত্রক এবং আয়ের সিংহভাগ ভোগকারী। তবে দলীয় সিদ্ধান্তে সংগঠনের পদমর্যাদা হিসেবে আয় ভাগ করে দেওয়া হয়। তৃণমূলের নেতা-কর্মীদের কাছে বিক্রি করা হয় মেলার অংশীদারি। অংশীদারির অর্ধেক রাখা হয় আওয়ামী লীগের জন্য। বাকি অর্ধেক বণ্টন করে দেওয়া হয় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে।
মেলায় বিজয়ের চেতনাকে উপস্থাপন করতে স্বাধীনতাস্তম্ভ, শহীদ মিনার, জাতীয় সঞ্চৃতিসৌধের প্রতিকৃতি, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতাদের ভাস্কর্য প্রদর্শন করা হয়। তবে মেলায় আয়ের মূল মাধ্যম থাকে জুয়া, হাউজি আর অশ্লীল নাচ।
২০১২ সালের ডিসেম্বর মাসে মনোহরদী পৌরসভার সামনে প্রায় ১৫ বিঘা কৃষিজমিতে হয়ে যাওয়া বিজয় মেলার স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ায় বিপাকে পড়েছেন এখানকার কৃষকেরা। তাঁরা বিশাল এ আবাদি জমিতে কৃষিকাজ করতে পারছেন না।
সরেজমিনে দেখা যায়, মেলার স্থাপনার অংশটুকু বাদে বাকি মাঠে ধান চাষ করা হয়েছে। মেলার অংশে বাঁশ, সৌন্দর্যবর্ধনে রোপণ করা কিছু গাছ, ইটের তৈরি সঞ্চৃতিসৌধসহ কয়েকটি স্থাপনা, আংশিক ভাঙা একটি চালার নিচে বঙ্গবন্ধুসহ মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য অবহেলায় পড়ে আছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের হাত ও পায়ের অংশ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, ‘এসব কৃষিজমি দুই ফসলের। গত দেড় বছরে মেলার জিনিসপত্র না সরানোর কারণে আমরা তিনটি আবাদ থেকে বঞ্চিত হয়েছি, যার প্রতিটি মৌসুমে প্রায় ৪০০ মণ করে ধান উৎপাদিত হতো।’
মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মতিউর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রতি অসমঞ্চান মুক্তিযুদ্ধ বা আওয়ামী লীগের সঙ্গে যায় না। যারা এ কাজটি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
হাবিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, মেলার কোনো অনুমোদন ছিল না। আর বঙ্গবন্ধুর ভাস্কর্য অবহেলায় ফেলে রাখা শাস্তিযোগ্য অপরাধ। কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিসহ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।