মুজিবনগর থেকে অপহরণ, উদ্ধার ঝিনাইদহে
মেহেরপুরের মুজিবনগর উপজেলা থেকে অপহৃত কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মামুনুর রশিদকে (২৩) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা থেকে উদ্ধার করেছে লোকজন। এ সময় দুজনকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে মোটরসাইকেলে করে তিন যুবক হরিণাকুণ্ডু উপজেলার চারা বটতলা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় ওই স্থানে তাঁদের মোটরসাইকেলের জ্বালানি শেষ হয়ে যায়। দাঁড়িয়ে পড়তে বাধ্য হন মোটরসাইকেল আরোহীরা। এ সময় মোটরসাইকেলে থাকা মামুনুর রশিদ চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। তারা তিনজনকে ঘিরে ধরলে মামুনুর রশিদ ঘটনা খুলে বলেন।
মামুন তাঁদের জানান, তাঁর বাড়ি মুজিবনগরের আনন্দবাস গ্রামে। মোটরসাইকেলের অপর আরোহী সোহেল আহম্মদ ও মাজহারুল ইসলাম সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে পালাচ্ছিলেন।
হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী বলেন, মাজহারুল জানিয়েছেন, তিনি মামুনুর রশিদের কাছে চার লাখ ৬৩ হাজার টাকা পাবেন। ওই টাকা আদায়ের জন্য তাঁরা মামুনকে ধরে নিয়ে যাচ্ছিলেন। এ ব্যাপারে থানায় অপহরণের মামলা করেছেন মামুন।