মুজিবনগর থেকে ৬ রোহিঙ্গা আটক
মেহেরপুরের মুজিবনগর থেকে একই পরিবারের ছয়জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল ছয়টার দিকে মুজিবনগর থানা-পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানায়, আজ ভোররাতে আটক রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে অবস্থান নেয়। তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, সাত মাস আগে মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ভারতের পাঞ্জাব শহরে চলে যায়। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে গাড়িতে করে সীমান্তে নিয়ে আসে। ভোররাতে বিএসএফ সীমান্তের গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।
উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেছে বলে পুলিশ জানালেও, এ বিষয়ে বিজিবি কোনো তথ্য দিতে পারেনি। আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের নিমেরনাই থানার শিকদার পাড়া গ্রামের আবদুল গনি (৩০), তাঁর স্ত্রী সালমা খাতুন (২৭), তাঁদের সন্তান জাহাঙ্গীর আলম (১০), নূর হালিমা (৬), সাইফুল ইসলাম (৩) ও তসলিমা খাতুন (১০ মাস)।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁদের পরিচয় মিলেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।